ঢালিউডের অন্যতম আলোচিত চিত্রনায়িকা মাহিয়া মাহি। দীর্ঘদিন নতুন কোনো সিনেমায় দেখা যায় না তাকে । শেষবার তাকে দেখা গিয়েছিল বদিউল আলম খোকন পরিচালিত ‘অফিসার ইনচার্জ’ সিনেমার শুটিংয়ে। দীর্ঘ বিরতি শেষে এবার মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘ডার্ক ওয়ার্ল্ড’ সিনেমা দিয়ে আবার শুটিংয়ে ফিরছেন। আগামী অক্টোবর থেকে শুটিংয়ে দেখা যাবে তাকে। সিনেমায় মাহির পাশাপাশি মুন্না খান, মিশা সওদাগরসহ আরও অনেককে দেখা যাবে।
এ বিষয়ে চিত্রনায়িকা মাহিয়া মাহি গণমাধ্যমকে বলেন, বেশ অনেক দিন পর শুটিংয়ে ফিরবো। একটু অন্যরকম লাগছে। আশা করছি সবকিছু ঠিক হয়ে যাবে। এর মধ্যেই নিজেকে প্রস্তুত করে নেবো। সিনেমাটির গল্প দারুণ। গল্পটি আবর্তিত হয়েছে সোশ্যাল মিডিয়ায় অশ্লীল ফুটেজ ছড়িয়ে দেয় এমন একটি প্রতারণা চক্রকে কেন্দ্র করে। তাদের নির্মূলের অভিযান নিয়েই গল্প। এখানে একজন পুলিশ অফিসারের ভূমিকায় দেখা যাবে আমাকে।
এর আগে দলীয় কাজের জন্য সিনেমা থেকে বিরতি নিয়েছিলেন তিনি। রাজনীতির মাঠে খুব সরব ছিলেন। ব্যস্ততার মধ্যে কেটেছে তার সময়। চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের (গোমস্তাপুর, নাচোল, ভোলাহাট) উপনির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী ছিলেন মাহিয়া মাহি। শুধু তাই নয়, আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনেছিলেন এই নায়িকা। কিন্তু তাকে সেসময় মনোনয়ন দেওয়া হয়নি। বর্তমানে আওয়ামী লীগের সাংস্কৃতিক সংগঠন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকের পদে দায়িত্ব পালন করছেন তিনি।
(এইদিনএইসময়/১২সেপ্টেম্বর/এলএ)

