জাতীয় সংসদে বহুল আলোচিত ‘সাইবার নিরাপত্তা বিল-২০২৩’ পাস হয়েছে বুধবার। সাইবার সংক্রান্ত মামলার সর্বোচ্চ শাস্তি ১৪ বছরের জেল ছাড়াও সর্বোচ্চ কোটি টাকা জরিমানার বিধান রাখা হয়েছে, করা হয়েছে মিথ্যা মামলা করলে শাস্তির বিধান। এই আইন নিয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস।
বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র এই আইনের অপব্যবহারের আশঙ্কা করেছে।
বিবৃতিতে যুক্তরাষ্ট্র দূতাবাস বলেছে, বাংলাদেশের সংসদে নতুন সাইবার নিরাপত্তা আইন (সিএসএ) পাসের বিষয়টি লক্ষ্য করেছে। আমরা মনে করি এটা দুঃখজনক যে, নতুন আইনটির আন্তর্জাতিক মানদণ্ড নিশ্চিতে বাংলাদেশ সরকার অংশীজনদের এটি পর্যালোচনা এবং তাদের মতামত অন্তর্ভুক্ত করার পর্যাপ্ত সুযোগ দেয়নি।
সেখানে আরও বলা হয়েছে, দুর্ভাগ্যবশত, সাইবার নিরাপত্তা আইন অনেক দিক দিয়েই এর আগের ডিজিটাল নিরাপত্তা আইনের মতো। এই আইনেও মতপ্রকাশের স্বাধীনতাকে অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে, জামিন অযোগ্য ধারা বহাল রাখা হয়েছে এবং সমালোচকদের গ্রেপ্তার, আটক ও কণ্ঠরোধ করতে খুব সহজেই এর অপব্যবহার হতে পারে।
(এইদিনএইসময়/১৪সেপ্টেম্বর/এলএ)

