গাজীপুরের কালিয়াকৈরে মহাসড়কে দায়িত্ব পালনকালে বেপরোয়া একটি পিকআপভ্যান চাপায় জামাল উদ্দিন (৫৬) নামে জেলা পুলিশের একজন টিএসআই নিহত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত টিএসআই জামাল উদ্দিন টাঙ্গাইল সদর উপজেলার গালা গ্রামের জুরান আলীর ছেলে। তিনি গাজীপুর জেলা ট্রাফিক পুলিশে টিএসআই পদে কর্মরত ছিলেন।
সকালে টিএসআই জামাল উদ্দিন উপজেলার চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় স্থাপিত অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক)-এর কার্যালয়ের সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে উত্তরবঙ্গগামী সিমেন্ট ভর্তি একটি ট্রাক থামিয়ে কাগজপত্র পরীক্ষা করছিলেন। এসময় অপর একটি মাছভর্তি পিকআপ ভ্যান থামানোর চেষ্টা করলে পিকআপভ্যানটি ওই পুলিশ কর্মকর্তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে ট্রাফিক পুলিশের অন্যান্য কর্মকর্তারা তাকে উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গাজীপুর জেলা ট্রাফিক পুলিশের টিআই এডমিন নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত টিএসআই জামাল উদ্দিনের লাশটি সাভার এনাম মেডিকেলে রয়েছে। পিকআপ ভ্যানটি জব্দ ও পিকআপভ্যানের চালককে আটক করা হয়েছে।
(এইদিনএইসময়/২১সেপ্টেম্বর/এলএ)

