বয়স ৮০ উত্তীর্ণ হয়ে গেছে, এখনও ব্যস্ত সময় পার করছেন দিলারা জামান

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

টিভি নাটক ও চলচ্চিত্রে এক সময় মায়ের চরিত্রে, দাদীর চরিত্রে গ্রহণযোগ্য অভিনেত্রী দিলারা জামান ।
মা চরিত্রে তিনি এতটাই অনবদ্য যে, এই সময়ে বর্ষীয়ান অভিনেত্রী হিসেবে দিলারা জামানের গ্রহণযোগ্যতাই চলচ্চিত্র নির্মাতাদের কছে সবচেয়ে বেশি।
আর এই গ্রহণযোগ্যতা দিলারা জামান তার অভিনয় গুণ দিয়েই অর্জন করে নিয়েছেন। এই অভিনয় গুণ দিয়েই হয়েছেন খ্যাতিমান অভিনেত্রী।
অভিনয় করেন মঞ্চ, নাটক এবং চলচ্চিত্রে। শিশু থেকে বৃদ্ধ সব প্রজন্মের কাছেই অত্যন্ত সুপরিচিত মুখ দিলারা জামান।
বয়স ৮০ উত্তীর্ণ হয়ে গেছে, তারপরেও এখনও অভিনয়ে তিনি যেমন সরব রয়েছেন সেখানে তার সময়ের অনেকেই অভিনয়ের বাইরে চলে গিয়েছেন বা তারা দর্শক ও নির্মাতাদের কাছে তাদের গ্রহণযোগ্যতা ধরে রাখতে পারেননি।
বয়সকে আটকে রেখে এখনো রঙিন দিলারা জামান। এখনো তিনি নিয়মিত ক্যামেরার সামনে কাজ করছেন। বয়স ৮০ উত্তীর্ণ হলে কী, এ যে শুধুই ক্যালেন্ডারের মারপ্যাঁচ সেটি তিনি প্রমাণ করে চলেছেন নিরন্তর তার কাজ দিয়েই।
মাঝে মধ্যেই তার গেটআপ-মেকআপ আর কার্যক্রমে চমকে ওঠেন সবাই। যেখানে তিনি বার বার বয়সের অংক উড়িয়ে দেন বাউন্ডারির বাইরে।
একবার তো লাইফস্টাইল ম্যাগাজিন ‘আইস টুডে’র একটি সংখ্যার প্রচ্ছদে ওয়েস্টার্ন লুকে হাজির হয়ে সবাইকে বোকা বানিয়ে দেন বর্ষীয়ান এই অভিনেত্রী।
শুধু নাটক, সিনেমাতেই নয়- শো বিজের বাইরেও তার সামাজিক উপস্থিতিও বেশ চোখে পড়ার মতো। শাড়ি পরে যখন বিভিন্ন সামাজিক আয়োজনে উপস্থিত থাকেন তখন তাকে বেশ অভিজাত নারীর মতো লাগে।

এমন একজন গুণী অভিনেত্রী অভিনয়ের জন্য পেয়েছেন একুশে পদকসহ জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এ অভিনেত্রীর সর্বশেষ সিনেমা ‘মুজিব : একটি জাতির রূপকার’ এখন দেশের প্রায় সব কয়েকটি সিনেমা হলে প্রদর্শিত হচ্ছে।

১৯৬৬ সালে ‘ত্রিধরা’ শিরোনামে একটি একক নাটকের মাধ্যমে ছোটপর্দায় অভিষেক ঘটে তার। এই অভিনেত্রীর প্রথম ধারাবাহিক নাটক ‘সকাল সন্ধ্যা’।
১৯৯৩ সালে তিনি মোরশেদুল ইসলাম পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘চাকা’তে অভিনয় করেন। প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হুমায়ূন আহমেদ পরিচালিত যুদ্ধভিত্তিক সিনেমা ‘আগুনের পরশমণি’।
২০০৮ সালে তিনি মুরাদ পারভেজ পরিচালিত ‘চন্দ্রগ্রহণ’ চলচ্চিত্রে ময়রা মাসি চরিত্রে অভিনয় করে সহশিল্পী চম্পার সঙ্গে যৌথভাবে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। ‘আগুনের পরশমণি’, ‘চন্দ্রকথা’, ‘মেঘলা আকাশ’, ‘মনপুরা’, ‘চন্দ্রগ্রহণ’, ‘অপেক্ষা’, ‘আলতাবানু’, ‘পোস্টমাস্টার ৭১’, ‘মিশন এক্সট্রিম’, ‘চিরঞ্জীব মুজিব’, ‘গোর’, ‘মুজিব : একটি জাতির রূপকার’, স্বল্প দৈর্ঘ্যরে চলচ্চিত্র ‘ওমর ফারুকের মা’সহ অনেক চলচ্চিত্রে অভিনয় করে সুনাম ছড়িয়েছেন। ছবিগুলোর পরিচয় থেকেও বোঝা যায় যারাই ভালো চলচ্চিত্র নির্মাণ করেন চরিত্র যদি সে রকম ডিমান্ড করে তখন তাতে অভিনেত্রী দিলারা জামানের নাম আসেই। সামনে মুক্তি প্রতীক্ষিত সিনেমা যেমন আছে তেমনি নির্মাণাধীন কাজও আছে অনেক। মুক্তির অপেক্ষায় থাকা সিনেমার মধ্যে আছে আফজাল হোসেনের ‘মানিকের লাল কাঁকড়া’।

এর মধ্যে সরকারি অনুদানে নির্মিত ‘ভোর’ সিনেমায় অভিনয় করছেন। মুক্তিযুদ্ধভিত্তিক শিশুতোষ এই চলচ্চিত্রটির চিত্রনাট্য করেছেন দেবজ্যোতি ভক্ত।
পরিচালনা করছেন আমিনুর রহমান খান। সিনেমাটির শুটিং উত্তরবঙ্গের গাইবান্ধাসহ বিভিন্ন লোকেশনে হয়েছে। এতে তিনি ‘দিদিমা’র চরিত্রে অভিনয় করেছেন।

এই চরিত্রের অভিনয় নিয়ে দিলারা জামান বলেন, ‘ভোর’ সিনেমার গল্পটা আমার কাছে খুব ভালো লেগেছে, সেই সঙ্গে আমার চরিত্রটিও। কাজ তো কেবল শুরু হলো, বেশ ভালোভাবেই এগোচ্ছে।

অভিনেত্রী দিলারা জামান আরও বলেন, ‘এখনো নির্মাতাসহ অন্যরা আমাকে নিয়ে ভাবেন, সেটিই বড় আনন্দের বিষয়। কারণ আমাদের এখানে তো এখন এই চর্চাটা নেই।
৮০ পার করছি,তবুও আমাকে নতুন নতুন চরিত্র বা গেটআপে উপস্থাপনের জন্য অনেকে চেষ্টা করছেন যারা, তাদের কাছে আমি কৃতজ্ঞ। এটিই একজন শিল্পীর সার্থকতা বলতে পারি।’

আর দর্শকের ভালোবাসা সম্পর্কে অভিনেত্রী দিলারা জামান নিজের অভিব্যক্তি প্রকাশ করতে গিয়ে বলেন, ‘এক জনমে এত ভালোবাসা, সম্মান সত্যি দেশবাসীর কাছে ঋণী করে দিয়েছে আমাকে।
এই বয়সেও আমার মতো একজন অভিনেত্রীকে গণমাধ্যমকর্মীরা যেভাবে মনে রাখেন এর ঋণ কীভাবে শোধ করব! উপরওয়ালাই মনে হয় শিল্পী দিলারা জামানের প্রতি সুদৃষ্টি রেখেছেন। নয়তো এই বয়সে নাট্যকার-নির্দেশকরা আমাকে এত ভালো ভালো চরিত্রে অভিনয় করার সুযোগ করে দেবেন কেন?’ এভাবেই নিজের মনের অভিব্যক্তিগুলো কথায় প্রকাশ করেন বর্ষীয়ান অভিনেত্রী দিলারা জামান। এদিকে এর বাইরেও আরও বেশকিছু সিঙ্গেল ও ধারাবাহিক নাটকের প্রস্তাব পেয়েছেন দিলারা জামান। পরিচালকরা আগাম ডেট নিয়ে রেখেছেন। নতুন বছরে কাজ শুরু হবে। গুণী এ অভিনেত্রী হাসতে হাসতে বললেন, ‘আমি তো ঢাকায় ব্যাচেলর লাইফ লিভ করি। কারণ আমার পরিবারের অন্য সদস্যরা সবাই বিদেশে বসবাস করে। আপনারা আমার জন্য দোয়া করবেন যতদিনই বাঁচি যেন সুস্থ সবল থাকি। বিছানায় যেন কোনোদিন পড়ে না থাকি। কারণ, মানুষের জীবনে সুস্থতাই সবচেয়ে বড় নিয়ামত।’

‘মুজিব : একটি জাতির রূপকার’- এই ছবিটিতে তিনি বঙ্গবন্ধুর মা (বঙ্গবন্ধু চরিত্রের আরিফিন শুভ’র মা) সাহেরা খাতুনের চরিত্রে অভিনয় করেছেন।
এমন একটি চরিত্রে অভিনয় করতে পেরে বর্ষীয়ান অভিনেত্রী দিলারা জামান মনে করেন এটাই তার অভিনয় জীবনের সেরা প্রাপ্তি।
বাঙালির শ্রেষ্ঠ সন্তানের মায়ের চরিত্রে অভিনয় করতে পারা তো কম সৌভাগ্যের কথা নয়। অনেক ভালো ভালো চরিত্রে অভিনয় করে অনেক সুনাম কুড়িয়েছেন তিনি তবে এই একটি চরিত্রের জন্য
নিজেকে তিনি ইতিহাসের অংশ হয়ে গেছেন বলে মনে করেন।

(এইদিনএইসময/১৯অক্টোবর/জেএস)

সর্বশেষ নিউজ