বাবার সঙ্গে ওমরা পালনে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নোয়াখালীর কোম্পানীগঞ্জের দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সৌদি সময় বিকাল ৫টার দিকে মদিনা থেকে মক্কা যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো- ইফরা (৮) ও হাফছা (২) । তারা উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের জিয়াউল হক চেয়ারম্যান বাড়ির সৌদি প্রবাসী রহমত উল্যাহ হেলালের মেয়ে।
নিহতদের দূর সম্পর্কের মামা জামাল উদ্দিন টিপু বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, হেলাল গত ১৫ বছর ধরে স্ত্রী ও তিন মেয়ে নিয়ে সৌদি আরবের মদিনায় বসবাস করে আসছেন। সোমবার বিকালের দিকে পরিবারের সদস্যদের নিয়ে মদিনা থেকে প্রাইভেটকারে ওমরা পালনের জন্য মক্কার উদ্দেশে যাত্রা করে। যাত্রা পথে একটি কার্ভাডভ্যান তাদের বহনকারী প্রাইভেটকারের পেছনে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে দুই বোন গুরুতর আহত হয়। দুই বোনকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।
কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেজবা উল হক ভূঁইয়া বলেন, বিষয়টি আমাকে অবহিত করা হয়নি। তবে এ বিষয়ে নিহতের পরিবার চাইলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হবে।
(এইদিনএইসময় /জাকারিয়া শুভ)

