মাগুরায় বাসের ধাক্কায় আরোজ আলী নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। সোমবার (১৩ নভেম্বর) দুপুরে মাগুরা-মহম্মদপুর সড়কের ধলহরা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
একটি যাত্রীবাহী বাসের টায়ার ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি ভ্যান ও ইজিবাইককে ধাক্কা দিলে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত আরোজ আলী মাগুরা সদরের রাঘবদাইড় ইউনিয়নের দুড়ামথনা গ্রামের ফনো শেখের ছেলে।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী জানান, সোমবার দুপুরে মাগুরা-মহম্মদপুর সড়কের ধলহরা বাজার এলাকায় একটি যাত্রীবাহী বাসের টায়ার ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি ভ্যান ও ইজিবাইককে ধাক্কা দেয়। এ দুর্ঘটনায় ভ্যান চালক আরোজ আলী ঘটনাস্থলেই নিহত হয় এবং ইজিবাইকে থাকা পাঁচ জন যাত্রী গুরুতর আহত হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে আসে।
ওসি আরও জানান, নিহত আরোজ আলীর মৃতদেহ হাসপাতালের অস্থায়ী মর্গে রাখা হয়েছে। পুলিশ বাসটি জব্দ করেছে।

