রাজধানীর ডেমরা এবং যাত্রাবাড়ি এলাকায় বাসে আগুন দেয়ার ঘটনায় তিনজনকে গ্রেফতারের পর ডিএমপির ওয়ারি বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ ইকবাল হোসাইন জানিয়েছেন, বাসে আগুন দেয়ার জন্য ভাগ করে দেয়া হয় এলাকা।
অবরোধে বাসে আগুন দেয়ার ঘটনায় এখন পর্যন্ত যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের বেশিরভাগই স্বেচ্ছাসেবক, যুব ও ছাত্রদলের নেতাকর্মী। আর প্রমাণ হিসেবে অগ্নিসংযোগের ছবি দলের সিনিয়র নেতাদের পাঠানোর জন্য তা ধারণ করার নির্দেশও দেয়া হয়েছিল বলে জানান ডিএমপির এ কর্মকর্তা।
বিএনপি -জামায়াতের ডাকা ৪র্থ দফা অবরোধ শেষে সম্প্রতি সময় সংবাদকে এসব তথ্য জানান তিনি।
গত ৫ অক্টোবর রাত আনুমানিক ৩টা ৫০ মিনিটে রাজধানীর ডেমরার মাতুয়াইলে একটি গ্যারেজে পার্কিং করে রাখা গ্রিন অনাবিল পরিবহনের বাসে আগুন দেয় অবরোধকারীরা। আগুন দেয়ার ভিডিও তাদের ধারণ করতে দেখা যায়। তাদের মধ্যে একজন বাসটির পেছনের অংশে আগুন লাগিয়ে পালিয়ে যায়। ১১ অক্টোবর রাত ৯ টা ২৫ মিনিটে যাত্রাবাড়ি এলাকায় অনাবিল পরিবহনের আরেকটি বাসে আগুন দেয়া হয়। এই দুটি বাসে আগুন দেয়ার ঘটনা তদন্ত করতে গিয়ে পুলিশ গ্রেফতার করেছে তিনজনকে। এদের মধ্যে ইউসুফ মিয়া ৬৪ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক। বাকি দুজনের একজন সদস্য সচিব আরেকজন কর্মী।
পুলিশ সূত্রে জানা গেছে, গত কয়েকদিনের বিএনপি-জামায়াতের অবরোধে ডেমরা, যাত্রাবাড়ি, মাতুয়াইলসহ আশপাশের এলাকায় বাসে আগুন দেয়ার ঘটনায় যাদেরকে গ্রেফতার করা হয়েছে; তারা সবাই বিএনপির বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মী।
ডিএমপির ওয়ারি বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ ইকবাল হোসাইন বলেন, আমরা গ্রুপে এমন একটি তথ্য পেয়েছি, সেখানে কথোপকথনে বলা হচ্ছে এ মুর্হূতে যদি তুমি কোনো ভূমিকা রাখতে না পারো, তাহলে তোমাকে ভবিষ্যতে কোনো ভূমিকা রাখার দরকার নেই। এই কথাটার মানে হলো তাকে অতি উৎসাহিত করা হচ্ছে। যেন সে তার সর্বোচ্চটা দিয়ে নৈরাজ্য সৃষ্টি করতে পারে। বিশেষ করে যারা পদধারী এবং পদ প্রত্যাশী বা ভবিষ্যতে যদি কিছু পাওয়া যাবে; তারা ভালো একটা অবস্থানে থাকতে পারবে তাদেরকে এভাবে উৎসাহীত করা হচ্ছে। এ জাতীয় নব্যদের উৎসাহিত করে বাসে আগুন দেয়ার মত ঘটনাগুলোও ঘটনা হচ্ছে।
গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে নাশকতার প্রমাণ হিসেবে অগ্নিসংযোগকারীরা তুলে রাখছে ছবি, ধারণ করে রাখছে ভিডিও বলে জানান তিনি।
গ্রেফতারকৃত ইউসুফের কাছ থেকে যে ভিডিওটা পেয়েছি সেটি প্রমাণ স্বরুপ রাখা হয়েছে। তার মোবাইলে থাকা বেশকিছু ভিডিও মুছে ফেলা হয়েছে। তারা সাধারণত হোয়াইটস অ্যাপে কথা বলেন থাকেন। তাকে রিমান্ডে নেয়া হবে। আশা করছি বাকি তথ্য তদন্ত করে উদঘাটন করতে পারবো বলেন পুলিশের এ কর্মকর্তা।
এর আগে বাসে আগুন দিতে ফিলিং স্টেশন থেকে পেট্রোল কেনার সময় হাতে নাতে গ্রেফতার করা হন মাতুয়াইল থেকে মাহফুজ নামে একজন। মাহফুজ তার চাচাতো ভাই যাত্রাবাড়ি থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আফজালের নির্দেশে বাসে আগুন দেয়ার জন্য পেট্রোল সংগ্রহ করতে আসেন। যেটি ভিডিও ফুটেজে দেখা গেছে।
প্রসঙ্গত: সরকার পতনের এক দফা দাবিতে ২৮ অক্টোবর মহাসমাবেশকে ঘিরে সংঘর্ষের পর বিএনপির হরতালের পর একে একে চতুর্থ দফায় অবরোধ কর্মসূচি পালন করে তারা। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে পরবর্তী নির্বাচনের দাবিতে বিএনপির সঙ্গে সমমনা জোট ও দল এ কর্মসূচি পালন করছে। এ অবরোধে রাজধানী দেশের বিভিন্ন জায়গাতে বাসে আগুন দেয়ার ঘটনা ঘটে।

