ফেনীর ফুলগাজীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় প্রাণ গেল ইসলামী আন্দোলন নেতার, আহত ৬

ডেক্স রিপোর্ট
spot_img
spot_img

ফেনীর ফুলগাজীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় মাওলানা মনির আহম্মদ আরশাদী নামে ইসলামী আন্দোলন বাংলাদেশের এক নেতা নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ছয়জন।

মঙ্গলবার (১৪ নভেম্বর) বেলা ১২টার দিকে ফেনী-পরশুরাম আঞ্চলিক সড়কের মুন্সিরহাট আল মদিনা কমিউনিটি সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

মনির আহম্মদ আরশাদী ফেনী সদর উপজেলা ওলামা-মাশায়েখ পরিষদের সাধারণ সম্পাদক এবং ইসলামী আন্দোলন ফুলগাজী উপজেলার সহ-সভাপতি ছিলেন। এছাড়া তিনি ফেনী সদর হাসপাতাল মোড় চৌরাস্তা জামে মসজিদের খতিব এবং ইসলামী বক্তা ছিলেন। তিনি ফুলগাজী উপজেলার উত্তর দৌলতপুর শাহাপাড়া এলাকার ডা. সালেহ আহম্মদের ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, আগামী ২৫ নভেম্বর ফেনী সদর হাসপাতাল মোড়ে সিরাতুন্নবী (সা.) মাহফিলের আয়োজনের কাজে সকালে সিএনজিচালিত অটোরিকশাযোগে ফেনীর উদ্দেশ্যের রওনা হন মাওলানা আরশাদী। পথিমধ্যে মুন্সিরহাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে তিনি নিহত হন।

এদিকে তার মৃত্যুতে ফেনীর আলেম সমাজে নেমে এসেছে শোকের ছায়া। মৃত্যুর খবর শুনে ফেনী জেনারেল হাসপাতালের মর্গের সামনে জড়ো হন তার সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা।

নিহতের ভাই মাওলানা মাহমুদুল হাসান বলেন, আমরা ময়নাতদন্ত ছাড়া মরদেহ নেওয়ার চেষ্টা করছি। আজ রাত ৮টায় ফুলগাজীর উত্তর দৌলতপুর শাহাপাড়া গ্রামে জানাজা শেষে মায়ের কবরের পাশে মাওলানা আরশাদীর দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

ফুলগাজী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসিম ঢাকা পোস্টকে বলেন, ঘটনাস্থল থেকে অটোরিকশা ও বাসটিকে থানা হেফাজতে নেওয়া হয়েছে। আহত ছয়জনকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

সর্বশেষ নিউজ