টাঙ্গাইল ট্রেনে আগুনের ঘটনায় তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন

ডেস্ক রিপোর্ট
spot_img
spot_img

রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ‘টাঙ্গাইল কমিউটার’ ট্রেনে আগুন দেয়ার ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। দুর্ঘটনার পর ঘটনাস্থলও পরিদর্শন করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন পাকশী রেলওয়ে বিভাগীয় মহাব্যবস্থাপক শাহ সুফি নূর মোহাম্মদ।

তিনি জানান, এ ঘটনায় সকালে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রেলওয়ে বিভাগীয় পরিবহন কর্মকর্তা, বিভাগী প্রকৌশলী যান্ত্রিক ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর কমান্ড্যান্টের তিনজনকে তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে। তবে আপাতত কমিটির সদস্যদের নাম বলা যাচ্ছে না। প্রাথমিকভাবে এটি একটি পরিকল্পিত নাশকতা। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

এর আগে বুধবার (১৫ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা টাঙ্গাইল কমিউটার ট্রেনে আগুন লাগিয়ে দেন অবরোধ সমর্থকরা। এ সময় ঢাকা থেকে পঞ্চগরগামী একটি ট্রেন স্টেশনে থাকায় কমিউটার ট্রেনটি দেখা যাচ্ছিল না। ‘পঞ্চগড় এক্সপ্রেস’ ট্রেন স্টেশন ত্যাগ করার পরই আগুনের ধোঁয়া দেখতে পায় স্টেশনে থাকা রেল কর্তৃপক্ষ। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস প্রায় ৩০ মিনিট চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

টাঙ্গাইল রেলস্টেশনের বুকিং মাস্টার সেলিম জানান, বুধবার সকাল ৭টার দিকে ঢাকাগামী ট্রেনটি প্রতিদিনের মতো গত রাতেও টাঙ্গাইল ঘারিন্দা রেলস্টেশনে দাঁড়িয়ে ছিলো ‘টাঙ্গাইল কমিউটার’ ট্রেনটি। রাত ৩টার দিকে অবরোধকারীরা আগুন ধরিয়ে দেন। এতে ট্রেনের দুটি বগি পুরোপুরি ও একটি বগি আংশিক পুড়ে যায়। এ সময় ট্রেনের সিট ফ্যান পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। সকালে রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

বুধবার (১৫ নভেম্বর) সকাল ৬টা থেকে পঞ্চম ধাপে আবারও বিএনপির ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি শুরু হয়েছে। সরকারের পদত্যাগের এক দফা দাবিতে এ আন্দোলনে শরিক দলগুলোও অংশ নিচ্ছে।
রাজধানীতে গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে ঘিরে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এতে এক পুলিশ সদস্য নিহত হন।

পরদিন ২৯ অক্টোবর হরতাল পালন করে বিএনপি। এরপর তিন দফায় ৭ দিনের অবরোধ কর্মসূচি শেষ হয় গত ১০ নভেম্বর সকাল ৬টায়। চতুর্থ দফায় ১২ নভেম্বর সকাল ৬টা থেকে ১৪ নভেম্বর সকাল ৬টা পর্যন্ত সড়ক, রেল ও নৌপথে অবরোধ কর্মসূচি পালন করে দলটি। পঞ্চম দফার অবরোধ কর্মসূচি চলবে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত।

সর্বশেষ নিউজ