দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৩ আসনের সংসদ সদস্য, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান সংসদ সদস্যকে দলীয় মনোনয়ন না দেওয়ায় খুলনা-যশোর মহাসড়কের রেলিগেটে অবরোধ কর্মসূচি পালন করছে কর্মী সমর্থকেরা।
রোববার (২৬ নভেম্বর) বিকাল সাড়ে ৪টায় খুলনা-যশোর মহাসড়কের রেলিগেটে প্রতিমন্ত্রীর বাস ভবনের সামনে সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন তারা। বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থলে পৌঁছেও নেতাকর্মীদের সড়ক থেকে সরিয়ে দিতে ব্যর্থ হয়। সড়কে নেতাকর্মীরা অবস্থান নেওয়ায় দুই পাশে শতাধিক যানবাহন আটক পড়ে। প্রায় এক ঘণ্টা সড়কে অবস্থান নেওয়ার পর সন্ধ্যা সাড়ে ৫টার দিকে নেতাকর্মীদের সরিয়ে নেন আওয়ামী লীগের সিনিয়র নেতারা।
এদিকে সন্ধ্যার পর রেলিগেট এলাকায় শ্রম প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এবং মনোনয়ন পাওয়া এস এম কামাল হোসেনের সমর্থকদের মধ্যে কয়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় বেশ কয়েকজন আহত হয়। পরে বিপুল সংখ্যক পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ রিপোর্ট লেখা পর্যন্ত (সন্ধ্যা ৭টা) ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
শ্রম কর্মসংস্থানের প্রতিমন্ত্রী বেগম মনোনয়ন সুফিয়ান এমপির পক্ষে কর্মী সমর্থকরা রাস্তাঘাটে আগুন ধরিয়ে অবরোধ করায় এসএম কামাল সমর্থকরা প্রতিবাদ করায় দুই পক্ষে মধ্যে সংঘর্ষে সৃষ্টি হয়।
খানজাহান আলী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিসুর রহমান জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত মনোনয়ন যারা মানেন না, তারা আওয়ামী লীগের কেউ না।
রাত পৌঁনে ৯টায় খানজাহান আলী থানার ওসি মো. কামাল হোসেন বলেন, পরিস্থিতি অনেক আগেই স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।
(এইদিনএইসময়/জাকারিয়া শুভ)

