অবরোধ সমর্থনে রাজধানীতে বিএনপির মিছিল

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

নির্বাচনি তফসিল প্রত্যাহার ও সরকার পতনের এক দফা দাবিতে বিএনপিসহ বিরোধী দলগুলোর ডাকা সপ্তম দফার অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিন সোমবার রাজধানীর বিভিন্ন থানা এলাকায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মিছিল করেছেন। এসময় বিভিন্ন স্থানে পুলিশ ও সরকার সমর্থকদের হামলার ঘটনা ঘটে। আটক করা হয় ১১ জন নেতাকর্মীকে এবং আহত হন সাতজন।

বিএনপি জানায়, এদিন শ্যামপুর-কদমতলী থানা বিএনপি ও অংগসংগঠনের নেতাকর্মীরা নগরীর দোলাই পাড় সড়কে অবরোধের সমর্থনে মিছিল বের করেন।

রমনা থানা বিএনপি ও অংগসংগঠনের নেতাকর্মীরা নগরীরর ইস্কাটন এলাকায় অবরোধের সমর্থনে মিছিল বের করলে পুলিশ সামনে এবং পেছন থেকে হামলা চালিয়ে রমনা থানা বিএনপি নেতা সাইফুর বিশ্বাসসহ ৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করে। পুলিশি হামলায় ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মোতালেব রুবেলসহ কয়েকজন নেতাকর্মী আহত হয়।

সবূজবাগ থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা রাজধানীর বাসাবো এলাকায় অবরোধের সমর্থনে মিছিল বের করলে বাসাবো মাঠের সামনে হামলা চালায় স্থানীয় আওয়ামী লীগ। এতে বিএনপির তিনজন কর্মী আহত হয়।

ডেমরা থানা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মিছিল বের করে এবং বিভিন্ন স্থানে পিকেটিং করে। এছাড়াও যাত্রাবাড়ী এলাকায় আগের রাতে মশাল মিছিল বের করে।

ওয়ারী-গেন্ডারিয়া-সূত্রাপুর-বংশাল-কোতয়ালী থানার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা গোপীবাগ সাদেক হোসেন খোকা সড়কে অবরোধের সমর্থনে মিছিল বের করেন। পরে মিছিলটি মতিঝিল মধুমিতা সিনেমা হলের সামনে এলে পুলিশ ৫ জনকে আটক করে।

খিলগাঁও থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জোড় পূকুর এলাকা থেকে অবরোধের সমর্থনে একটি মিছিল বের করেন।

শাহবাগ থানা বিএনপির নেতাকর্মীরা নগরীর বিজয়নগর পানির ট্যাংকির সামনে থেকে মিছিল করেন। মিছিলটি বিজয়নগর ঘুরে পল্টন মোড়ে এসে শেষ হয়।

হাজারীবাগ থানার ১৪ নং ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা ট্যানারিপট্টিতে অবরোধের সমর্থন মিছিল বের করেন।

তাঁতী দল রাজধানীর কমলাপূর এলাকা থেকে অবরোধের সমর্থনে একটি মিছিল বের করে।

যুবদল নেতাকর্মীরা রাজধানীর লালবাগ এলাকায় নাজিমুদ্দিন রোডে অবরোধের সমর্থনে একটি মিছিল বের করেন।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক আবদুস সালাম ও ভারপ্রাপ্ত সদস্য সচিব লিটন মাহমুদ অবরোধ সফল করায় নেতাকর্মীদের কর্মী এবং সর্বস্তরের নেতাকর্মীদের অভিনন্দন জানান। তারা শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের হামলা ও গ্রেপ্তারের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। অবিলম্বে সবার মুক্তিও দাবি করেন।

 

 

 

(এইদিনএইসময়/জাকারিয়া শুভ)

সর্বশেষ নিউজ