আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষ হয়েছে গতকাল সোমবার। আগারগাঁও নির্বাচন ভবনে মনোনয়নপত্র বিষয়ে আপিল আবেদন গ্রহণ শুরু হবে আজ সকাল থেকে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থী মিলে ৩০০ আসনে মনোনয়নপত্র দাখিল করা ২৭১৬ জনের মধ্যে এক হাজার ৯৮৫ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। মনোনয়নে পর্যাপ্ত তথ্য-উপাত্ত না থাকা, অসম্পূর্ণ কাগজপত্র দাখিল করা এবং ঋণ খেলাপিসহ নানা কারণে বেশকিছু হেভিওয়েট প্রার্থীসহ ৭৩১ জনের প্রার্থিতা বাতিল করা হয়েছে।
বাতিল করা প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে (ইসি) আজ মঙ্গলবার থেকে আপিল করতে পারবেন প্রার্থীরা। এ লক্ষ্যে আগারগাঁও নির্বাচন ভবনে প্রবেশের বাম পাশে ১০টি অঞ্চলের জন্য ১০টি আলাদা বুথ বসিয়েছে কমিশন।
এ বিষয়ে সোমবার বিকালে নির্বাচন কমিশনের (ইসি) আইন শাখার উপসচিব মো. আব্দুছ সালাম স্বাক্ষরিত নোটিশে বলা হয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশ ও নির্বাচন পরিচালনা বিধিমালা অনুযায়ী, মনোনয়নপত্র বাতিল ও গ্রহণাদেশের বিরুদ্ধে কোনো প্রার্থী বা ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান রিটার্নিং অফিসারের আদেশে সংক্ষুব্ধ হয়ে মনোনয়নপত্র বাছাইয়ের পরবর্তী পাঁচ দিনের মধ্যে অর্থাৎ ৫ ডিসেম্বর থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত (সকাল সাড়ে ১০টা থেকে বিকাল ৪টার মধ্যে) নির্বাচন কমিশন বরাবর স্মারকলিপি আকারে (আপিলের মূল কাগজপত্র ১ সেট ও ছায়ালিপি ৬ সেটসহ) আপিল দায়ের করতে পারবেন। এজন্য ১০টি অঞ্চলের জন্য ১০টি বুথ করা হয়েছে নির্বাচন ভবনে। ১০ কর্মকর্তার কাছে আপিল আবেদন জমা দিতে হবে। আর ১০ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন একশ করে আপিল শুনানি হবে ক্রমানুসারে।
আপিল আবেদনগুলো শুনানি শেষে আপিলের ফল মনিটরে প্রদর্শন, রায়ের পিডিএফ কপি ও আপিলের সিদ্ধান্ত রিটার্নিং অফিসারসহ সংশ্লিষ্ট পক্ষের ই-মেইল অ্যাকাউন্টে প্রেরণ এবং নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এ ছাড়া আপিলের রায়ের অনুলিপি শিডিউল অনুযায়ী নির্বাচন ভবনের অভ্যর্থনা ডেস্ক থেকে দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তার মাধ্যমে বিতরণ করা হবে। অন্য দিকে রায়ের অনুলিপি প্রাপ্তির আবেদনের ভিত্তিতে বিতরণ করা হবে।
ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর। নির্বাচনি প্রচার-প্রচারণা চলবে প্রতীক বরাদ্দের পর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি।
(এইদিনএইসময় /জাকারিয়া শুভ)

