বিএনপি-জামায়াতের চলমান অবরোধে গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৪টি যানবাহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১৩ ডিসেম্বর) ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে এ তথ্য জানান মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন।
এ ঘটনায় ২টি বাস, ১টি ট্রাক ও ১টি পিকআপ ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুন নির্বাপণ করতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৭টি ইউনিট ও ৩৫ জন জনবল কাজ করেছে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।
তথ্যমতে, মঙ্গলবার (১২ ডিসেম্বর) গুলিস্তান পাতাল মার্কেটের পাশে বাহন পরিবহন, গুলিস্তান হানিফ ফ্লাইওভারের নিচে পুলিশ বক্সের পাশে সময় পরিবহন, মাগুরা সদরের কাচুন্দিতে ১টি পিকআপ এবং রাজশাহীর বাঘা উপজেলার মনিগ্রামে ১টি ট্রাকে আগুন দেয়া হয়।
উল্লেখ্য, ২৮ অক্টোবর থেকে ১৩ ডিসেম্বর সকাল ৬টা পর্যন্ত দুর্বৃত্ত কর্তৃক মোট ২৭৮টি অগ্নিসংযোগের (কয়েকটি স্থাপনাসহ যানবাহনে) সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস। এতে ২৭৪টি যানবাহন ও ১৫টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। অগ্নিসংযোগকৃত যানবাহনের মধ্যে রয়েছে: বাস ১৭০টি, ট্রাক ৪৫টি, কাভার্ড ভ্যান ২৩টি, মোটরসাইকেল ৮টি ও অন্যান্য গাড়ি ২৮টি।

