প্রধানমন্ত্রী ফেরদৌসকে অনেক ভালোবাসেন: ইলিয়াস কাঞ্চন

ডেক্স রিপোর্ট
spot_img
spot_img

রাজনীতির মাঠে তুখোড় ভূমিকা রাখতে চলেছেন জনপ্রিয় নায়ক ফেরদৌস। মনোনয়ন পেয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসনে নৌকা প্রতীকে নির্বাচনে অংশ নেবেন তিনি। এ উপলক্ষে বাংলাদেশর চলচ্চিত্রশিল্পী ও শিল্পী সমিতির পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেয়া হয়।

প্রিয় শিল্পীর সংবর্ধনা ঘিরে আর বিজয় উৎসবের আমেজে সকাল থেকেই মুখরিত এফডিসি।

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) তে শিল্পী সমিতির পক্ষ থেকে সকাল ১১টার দিকে স্বাধীনতার বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর দুপুর ১২টার দিকে নায়ক ফেরদৌসকে সংবর্ধনা দেয়া হয়।

এসময় শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন, পরিচালক কাজী হায়াৎ, দেলোয়ার জাহান ঝন্টু, মুশফিকুর রহমান গুলজার, শাহীন সুমন, অভিনেত্রী সুজাতা, নূতন, অঞ্জনা রহমান, নিপুণ আক্তার, চিত্রনায়ক রিয়াজ, ইমনসহ চলচ্চিত্রের শিল্পী-কলাকুশলীরা উপস্থিত ছিলেন।

সংবর্ধনা অনুষ্ঠানে ফেরদৌস বলেন, ‘এই সম্মান জানানোর জন্য সত্যিই আমি খুবই আনন্দিত। আমার বন্ধু ও সহকর্মীদের পাশে পেয়ে অভিভূত। মাননীয় প্রধানমন্ত্রীর কল্যাণে আমি ঢাকা-১০ আসনের মনোনয়ন পেয়েছি। আমি সবার জন্য কাজ করতে চাই। সবার দোয়া প্রার্থী।’

শিল্পী সমিতির সভাপতি ও অভিনেতা ইলিয়াস কাঞ্চন বলেন, ‘আমি রাজনীতি করি না। বহুবছর থেকে একটি কাজই মনেপ্রাণে করি তা হলো, নিরাপদ সড়কের আন্দোলন। তবে ছোটভাই ফেরদৌসকে আমি আগেই আভাস দিয়েছিলাম রাজনীতির প্রসঙ্গে। আমি জানতাম ফেরদৌসকে প্রধানমন্ত্রী অনেক ভালোবাসেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমি ধন্যবাদ জানাই ছোটভাইকে সুযোগ দেয়ার জন্য।’

এর আগে সাংবাদিকদের সঙ্গে ফেরদৌস আহমেদ বলেছিলেন, ‘আমি চাই আনন্দঘন পরিবেশে নির্বাচন হোক। সবার অংশগ্রহনে নির্বাচন হবে। প্রতিযোগিতামূলক নির্বাচন হবে বলে আমার প্রত্যাশা।’

সর্বশেষ নিউজ