নাশকতার ভয়ে ৮টি ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছে রেলওয়ে কতৃপক্ষ। বিএনপি জামায়াতের চলমান হরতাল-অবরোধ কর্মসূচির মধ্যে দেশের অন্যতম যোগাযোগ খাত রেলে কয়েকটি নাশকতার ঘটনা ঘটে। এতে প্রানহানি হয় ৫জনের। এ ধরনের নাশকতা এড়ানোর লক্ষ্যে রাতে চলাচলরত ৮টি ট্রেন বন্ধ করা হয়েছে বলে সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছে রেলপথ মন্ত্রনালয়।
এরমধ্যে ৮টি লোকাল ট্রেন, মেইল ও কমিউটার ট্রেন চলাচল বন্ধ হয়েছে এবং আন্তঃনগর যমুনা এক্সপ্রেসের যাত্রা সংক্ষিপ্ত করেছে বাংলাদেশ রেলওয়ে কতৃপক্ষ।
শুক্রবার দুপুরে কমলাপুর রেলস্টেশনের স্টেশন ম্যানেজার মাসুদ সারোয়ার সংবাদমাধ্যমকে জানান, রাজশাহী থেকে পার্বতীপুর পর্যন্ত চলাচলরত মেইল ট্রেন উত্তরা এক্সপ্রেস এবং ঈশ্বরদী থেকে রহনপুর পর্যন্ত কমিউটার ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।
একইসাথে ঢাকা- নারায়নগঞ্জ রুটের নারায়ণগঞ্জ কমিউটার (১৬) এর শেষ ট্রিপ, ময়মনসিংহ-ভূয়াপুর রুটে চলাচলকারী লোকাল ট্রেন বন্ধ হয়েছে। এছাড়াও রাতের বেলা যে সমস্ত রুটে ঝুঁকিপূর্ণ স্পট বেশি সে ট্রেনগুলো সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। ঢাকা-তারাকান্দি রুটে চলাচলকারী আন্তঃনগর ট্রেন যমুনা এক্সপ্রেস আংশিক বন্ধ হয়েছে।
রেলওয়ে সুত্র জানিয়েছে, ১৫ডিসেম্বর ঈশ্বরদী-রাজশাহী-রোহনপুর ১ জোড়া লোকাল ট্রেন, ময়মনসিংহ-ভূয়াপুর ২৫৩/২৫৪ লোকাল ট্রেন বন্ধ করা হয়েছিল। এছাড়াও একই দিনে ঢাকা-তারাকান্দার মধ্যে চলাচলকারী আন্তঃনগর যমুনার রুট সংক্ষিপ্ত করে ঢাকা-জামালপুর রুটে চালানো হচ্ছে। এদিকে একই ট্রেন জামালপুর-তারাকান্দা রুট বন্ধ করা হয়েছে।
এছাড়াও ১৬ ডিসেম্বর ঢাকা-নারায়ণগঞ্জ ১ জোড়া কমিউটার ট্রেন এবং সর্বশেষ ২২ডিসেম্বর রাজশাহী-পার্বতীপুর ১ জোড়া মেইল ট্রেন (৩১/৩২ উত্তরা এক্সপ্রেস) বন্ধ করা হয়েছে।
বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার সাহাদাত আলী ঢাকা টাইমসকে বলেন, রাতের বেলা বিভিন্ন স্পট ঝুকিপুর্ন থাকায় সারাদেশে ৮টি ট্রেন আপাতত বন্ধ করা হয়েছে। একের পর এক নাশকতা করা হচ্ছে রেলে, সেই আশংকা এড়াতে কয়েকটি ট্রেন বন্ধ করা হল।
রেলের নিরাপত্তার বিষয়ে সরদার সাহাদাত আলী বলেন, রেলপথে নিরাপত্তায় আমরা পেট্রলিং করছি। নাশকতা এড়াতে টহল ইঞ্জিন চালু করা হয়েছে, ঢাকা থেকে প্রতিটি ট্রেন চালুর আগে একটি টহল ইঞ্জিন চালু হবে। রেলের নিরাপত্তায় দুই হাজার ৭শ আনসার নিয়োগ হয়েছে।
(এইদিনএইসময় /জাকারিয়া শুভ)

