টানা ছুটি থাকায় ভোটারের উপস্থিতি কিছুটা কম হতে পারে বলে মন্তব্য করেছেন সিলেট-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
রোববার (৭ জানুয়ারি) সকাল ১০টার দিকে সিলেট মহানগরীর দুর্গাকুমার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে ভোট প্রদান শেষে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।
এ সময় ভোটকেন্দ্রের পরিস্থিতি নিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, টানা ছুটির কারণে ভোটারের উপস্থিতি কিছুটা কম হতে পারে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রগুলোতে ভোটার বাড়বে।
ভোটের পরিবেশ নিয়ে বলেন, আজ ছুটির দিন। উৎসবের দিন, ভোটের দিন। বিএনপির হরতাল ঢংঢাং। মানুষ শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছে। যেভাবে উৎসাহ-উদ্দীপনার মধ্যে ভোট হচ্ছে, আমরা চিন্তিত নই।
এরপর ভোটার উপস্থিতি প্রসঙ্গে প্রশ্ন করলে মোমেন বলেন, গত সিলেট সিটি নির্বাচনে ৪৬ শতাংশ ভোট পড়েছিল। এটি ভালো। আর যুক্তরাষ্ট্রের নির্বাচনে একবার এসেছে ৩৮ শতাংশ, আরেকবার এসেছে ৪৪ শতাংশ।
সবশেষে ভোটার উপস্থিতি নিয়ে তিনি আশাবাদী বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। একইসঙ্গে সবাইকে নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বানও জানান তিনি।
প্রসঙ্গত, সিলেট সিটি করপোরেশনের ৩৬টি ওয়ার্ড, ৭ ইউনিয়ন ও একটি ক্যান্টনমেন্ট বোর্ড নিয়ে গঠিত সিলেট-১ আসন। এই আসনে স্থায়ী ভোটকেন্দ্র আছে ২১৫টি।
এ আসনে এবার মোট ভোটার আছেন ছয় লাখ ৩৪ হাজার ২১ জন। এর মধ্যে পুরুষ ভোটার তিন লাখ ৩০ হাজার ৮৩৩ জন এবং নারী ভোটার তিন লাখ ৩১ হাজার ৮১ জন। এছাড়া ৭ জন তৃতীয় লিঙ্গের ভোটার আছেন এ আসনে।
সিলেট-১ আসনে এবার ড. মোমেনের সঙ্গে ভোটযুদ্ধে লড়ছেন সম্মিলিত সাংস্কৃতিক মুক্তি জোটের প্রার্থী আব্দুল বাসিত, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) প্রার্থী ইউসুফ আহমদ, ইসলামী ঐক্যজোটের প্রার্থী ফয়জুল হক এবং বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী মো. সোহেল আহমদ চৌধুরী।

