নোয়াখালীতে বাসচাপায় শিশুসহ ২ জনের প্রাণহানি

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

নোয়াখালী পৌর এলাকার মাইজদী-সোনাপুর সড়কে যাত্রীবাহী বাস চাপায় অজ্ঞাত ৬০ বয়সী এক নারী ও জান্নাতুল ফেরদাউস (৮) নামের এক শিশু নিহত হয়েছে।

শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে মাইজদী-সোনাপুর সড়কের ইসলামিয়া মাদরাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জান্নাতুল ফেরদাউস সদর উপজেলার চর করমুল্যা এলাকার জাকের হোসেনের মেয়ে। তবে নিহত নারীর নাম-পরিচয় জানা না গেলেও তিনি একজন ভবঘুরে ছিলেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিজের ছেলে-মেয়ে ও স্ত্রীসহ ইসলামিয়া মাদরাসা সংলগ্ন একটি বাসায় ভাড়া থাকতেন ব্যবসায়ী জাকের হোসেন। এক ছেলে ও এক মেয়ের মধ্যে জান্নাতুল ফেরদাউস ছিল বড়। বিকালে ওই নারীর সঙ্গে বাসার সামনের মাইজদী-সোনাপুর সড়কের এক পাশ থেকে অন্য পাশে পার হওয়ার সময় সোনাপুর থেকে ছেড়ে আসা দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস তাদের দুইজনকে চাপা দেয়। এসময় বাসটি দ্রুত পালিয়ে যাওয়ায় তা আটক করা সম্ভব হয়নি। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।

নিহত জান্নাতুল ফেরদাউসের বাবা জাকের হোসেন বলেন, ভ্যান গাড়ি করে শহরের বিভিন্ন স্থানে ব্যবসা করেন তিনি। প্রতিদিনের মতো শুক্রবার বাসা থেকে বের হয়ে আসার পর আর বাসায় যাননি তিনি। সন্ধ্যায় লোকজনের মাধ্যমে তার মেয়ের কথা শুনতে পেয়ে হাসপাতালে গিয়ে তাকে মৃত দেখতে পান।

সুধারাম মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রিয়াজ জানান, ওই নারী ও শিশুকে চাপা দেওয়া গাড়িটি দ্রুত পালিয়ে যাওয়ায় তা স্থানীয়রা আটকাতে পারেনি। নিহতের মৃতদেহ জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। পরবর্তীতে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

(এইদিনএইসময় /জাকারিয়া শুভ)

 

সর্বশেষ নিউজ