২৪-এর গণঅভ্যুত্থানের মুখে ঠুলি পরানো হচ্ছে!

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

আগে সংগঠন, তারপর গঠন/সংবিধান। ঘোড়ার আগে গাড়ি লাগালে ঘোড়া গাড়িটাকে পেছন দিকে টানবে। রাষ্ট্রকে পুরোপুরি সচল ও নিরাপদ করা যায়নি, জনজীবন ও বাজার স্থিতিশীল করা যায়নি, বিগ পাওয়ার হাউসগুলিকে কাবু করা যায়নি, বাইরের হুমকিকে কমানো যায়নি। দুদক, নির্বাচন কমিশন, জনপ্রশাসনে ও বিচারবিভাগে সংস্কার হয়নি। এখনি সংবিধান নিয়ে বিতর্ক তুলে দেশকে বিভিন্ন ফেরকায় ভাগ করার মানে কী? সরকারের রাজনৈতিক ও অর্থনৈতিক কর্মসূচি কী হওয়া দরকার, সেই আলাপ কোথায় হারালো?

রাজনীতির সংস্কার না হলে যে সংবিধান হবে, সেটা তো পুরনো লোকেরাই করবে, সেই একই জিনিস আসবে নতুন বোতলে। কোনটা কখন করতে হয়, সেই হুঁশ বুদ্ধিজীবীদের না থাকতে পারে, নেতৃত্বের থাকা উচিত। অভ্যুত্থানকে আইনের বা বৈধতার কথা তুলে বিপথগামী করবেন না। এই বিতর্ক আমরা অবৈধ সরকারের ১৫ বছরের খতিয়ানের সময়ই করে এসেছি–জুলাই আগস্টে। সংবিধান নিয়ে নামলে ডান-বাম, ভারত-আমেরিকা, ইসলাম-সেকুলার নামক বিভক্তির খেলা জয়ী হবে। সংবিধান ‘রচনা’ কি বুদ্ধিজীবীদের কাজ?

এ যুগের ড. কামাল বা ড. আনিসুজ্জামানদের কাজ এটা না। এটা নির্বাচিত সংবিধান সভার কাজ। সেই সভাকে নির্বাচিত করতে হলে আগে আইন বদলাতে হবে, প্রশাসন ও বিচারবিভাগ ঠিক করতে হবে, পুলিশ বাহিনীকে নতুন করে গোছাতে হবে। নির্বাচনী টেরিটরি ডিমার্কেশন, গণপ্রতিনিধিত্ব আদেশ ও ভোটার তালিকা সংস্কার করতে হবে। এসব তাত্ত্বিক কাজ না, বাস্তব গঠনমূলক রাজনৈতিক কাজ।

লুটেরা ধনী ও মিডিয়া মোগলদের জবাবদিহির মধ্যে না আনলে এসব করা যাবে না। কালো টাকা, পাচার হওয়া টাকা, অবৈধ অস্ত্র উদ্ধার ছাড়া কীভাবে শান্তি আশা করবো? অহেতুক উশকানি ও অকেজো বিতর্কে মূল্যবান সময় ও মানুষ নষ্ট হচ্ছে। জিনিসের দাম না কমালে, সার-সেচ নিশ্চিত না করলে, উঁকি দেওয়া খাদ্য সংকটের আশংকা দূর না করলে জনতার ধোপে কিছুই টিকবে না।

এ জন্য ভালো মানুষ অথবা বুদ্ধিজীবী না, আমাদের দরকার সাহসী কাজের মানুষ। আমি তো দেখছি, শত্রুদের ইশারাতেই চলছে অনেক কিছু। গরুকে হাল বাওয়ানোর সময় তার মুখে খুলি বা টোনা পরানো হয় যাতে সে ঘাসে বা ক্ষেতে মুখ না দেয়। গণঅভ্যুত্থানের মুখে সেরকম ঠুলি পরানো হচ্ছে।

সর্বশেষ নিউজ