এবার মুখ খুললেন অস্ট্রেলিয়ার আইনজীবী উপল আমিন। বলছিলাম ঢালিউড সুপারস্টার শাকিব খানের নামে ধর্ষণ সংক্রান্ত অভিযোগের বিষয়ে । মঙ্গলবার অস্ট্রেলিয়া থেকে দেয়া এক ভিডিও বার্তায় তিনি বলেন, শাকিব খানের নামে রহমত উল্লাহ যে অভিযোগগুলো তুলেছেন, তা তার কাছে সন্দেহজনক মনে হয়েছিল।
তাই তিনি অস্ট্রেলিয়ায় শাকিব খানের আইনজীবী হিসেবে এই ব্যাপারগুলো চেক করেছেন পুলিশের সঙ্গে। তিনি সেন্ট জর্জ ডিটেকটিভ অফিসে ওদের হেড অব ডিপার্টমেন্টের সঙ্গে সরাসরি কথা বলেছেন ।
আইনজীবী বলেন, ‘অভিযোগ মানুষ করতেই পারে। কিন্তু বিষয়টা হচ্ছে, অভিযোগ করার পর কী হয়েছিল? নারী সহ-প্রযোজক এবং রহমত উল্লাহ শাকিব খানের বিরুদ্ধে যে অভিযোগ দিয়েছিল , এই বিষয় তো শাকিব খান অস্বীকার করেননি। এই যে রহমত উল্লাহ মিডিয়ার কাছে এসে বলেছেন, শাকিব খানের বিরুদ্ধে অভিযোগ হওয়ার পর তাকে গ্রেপ্তার করা হয়েছিল। তার নামে মামলা করা হয়েছিল। তিনি নাকি দুইবার অস্ট্রেলিয়াতে মামলা থেকে পালিয়ে গিয়েছিলেন।’
আইনজীবী জানান, ‘অস্ট্রেলিয়াতে কেউ পুলিশ স্টেশনে গিয়ে কোনো ব্যাপারে একটা রিপোর্ট করলে তাকে একটা ইভেন্ট নম্বর দেওয়া হয়। বাংলাদেশে যাকে জিডি বলা হয়। আর আমাদের অস্ট্রেলিয়াতে ইভেন্ট নম্বর বলা হয়। দুটি জিনিস একই। কিন্তু একটা ইভেন্ট নম্বর পাওয়া, মানে এই নয় যে কারও নামে কোনো মামলা দেওয়া হয়েছে।’
উপল আমিন বলেন, ‘শাকিব খান ২০১৬ সালে অস্ট্রেলিয়ায় এসেছিলেন এবং ২০১৮ তেও এসেছিলেন। অস্ট্রেলিয়ায় কোনোবারই তাকে গ্রেপ্তার করা হয়নি। আমি অস্ট্রেলিয়া থেকে আপনাদের যা বলছি, এটা সম্পূর্ণ অস্ট্রেলিয়ার আইনের ভিত্তিতে কথা বললাম। আমার ক্লায়েন্ট শাকিব খান নির্দোষ, এ ব্যাপারে আমি একটা কনফার্মেশন লেটার পাব পুলিশ অথরটির কাছ থেকে এবং সেটাও আপনাদের দেখাব।’
আইনজীবী আরও বলেন, ‘রহমত উল্লাহ যে অভিযোগ করেছেন, এটা সম্পূর্ণ মিথ্যা। রহমত উল্লাহর উচিত, এই অভিযোগ প্রত্যাহার করা।
আমি শাকিব খানের অস্ট্রেলিয়ায় নিযুক্ত আইনজীবী আপনাদের বলছি , বাংলাদেশে তার বিরুদ্ধে যা প্রোপাগান্ডা চলছে, আমি মনে করি, তা সম্পূর্ণ উদ্দেশ্যমূলক। আমার ক্লায়েন্ট শাকিব খানের জনপ্রিয়তা নষ্ট করার জন্য এই চক্রান্ত চলছে। শাকিব খানের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে এটা একটা অর্থনৈতিক চক্রান্ত যা আমার ক্লায়েন্টের কাছ থেকে টাকা আদায়ের জন্য রহমত উল্লাহ করেছেন।’
উল্লেখ্য,রহমত উল্লাহ গত ১৫ মার্চ শাকিব খানের বিরুদ্ধে অসদাচরণ, মিথ্যা আশ্বাস ও ধর্ষণের লিখিত অভিযোগ করেন। সেই সাথে নিজেকে তিনি ‘অপারেশন অগ্নিপথ’ ছবির প্রযোজক দাবি করেন।
(এইদিন এইসময়/২২মার্চ/তানিয়া)

