জামালপুরে নিয়মনীতি না মেনেই চলছে ইটভাটা, জানে না পরিবেশ অধিদপ্তর

জামালপুর প্রতিনিধি
spot_img
spot_img

জামালপুরের নিয়মনীতি তোয়াক্কা না করেই চলছে বেশির ভাগ ইটভাটা। সম্পূর্ণ আইন অমান্য করে চলছে মেসার্স জীরন ব্রিকস নামে একটি ইটভাটা।

জামালপুর সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের গোবিন্দপুর এলাকায় ঐ ইটভাটার সন্ধান পাওয়া গেছে।

‘মেসার্স জীবন ব্রিকস’ এখন ‘ মেসার্স জীরন ব্রিকস’। ইটের নামও রাখা হয়েছে ‘জীবন’ থেকে ‘জীরন’। আগে ছিলো ‘জীবন’ ইংরেজি ভাষায় এখন তা ‘জীরন’ করা হয়েছে বাংলায়। শুধু মাত্র জীবনের ব-এর নিচে ফোটা দিয়ে ‘র’ বসিয়ে জীরন নামের ফর্মায় চলছে ইট তৈরি।

জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট অন্যান্য আইনপ্রয়োগকারী সংস্থার চোখ এড়িয়ে লাখ লাখ ইট উৎপাদন ও বিক্রি করছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে করে সরকার বিপুল অংকের টাকার রাজস্ব হারাচ্ছে।

অনুসন্ধানে জানা গেছে, জামালপুর সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের গোবিন্দপুর এলাকায় চালু থাকা ইটভাটাটির নাম ‘মেসার্স জীরন ব্রিকস’। ইটের নাম ‘জীরন’। এই ইটভাটাটি চলতি ইট উৎপাদন মওসুমে স্থাপিত হয়নি। এটি একটি রেডিমেড ইটভাটা। এই ইটভাটার প্রকৃত মালিক জামালপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আওয়ামী লীগ নেতা এমদাদুল হক জীবনের বাবা মো. ইউসুফ আলী। ইটভাটার নাম ছিল ‘মেসার্স জীবন ব্রিকস’ ও ইটের নাম ছিল ‘জীবন’। এমদাদুল হক জীবন তার বাবার নামে প্রতিষ্ঠা করলেও মূলত বিগত আওয়ামী লীগ সরকারের সময় ক্ষমতার দাপটে ইটভাটা সংক্রান্ত আইনকে বুড়ো আঙুল দেখিয়ে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়াই অবৈধভাবে ইটভাটা পরিচালনা করতেন। সমাজের প্রতাপশালী হওয়ায় কেউ তার বিরুদ্ধে কথা বলতেও সাহস পেতেন না। তার বিরুদ্ধে একাধিক মামলা হওয়ায় বর্তমানে পলাতক রয়েছেন।

আরও জানা যায়, চলতি বছরের ৭ ফেব্রুয়ারি পরিবেশ অধিপ্তরের ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক (ডিডি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মনসুর চারটি ইটভাটার মালিককে ২৩ লাখ টাকা জরিমানা করা হয়। এর মধ্যে জীবন ব্রিকস কর্তৃপক্ষকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়। চারটি ইটভাটায় জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের অনুমোদন না থাকা এবং শিক্ষা প্রতিষ্ঠান সংলগ্ন এলাকায় স্থাপিত ছিল।

সরেজমিনে গিয়ে দেখা যায়, মেসার্স জীরন ইটাভাটায় বেশ কর্মচঞ্চল পরিবেশ দেখা গেছে। তিন ফসলি জমিতে বিশাল এলাকাজুড়ে গড়ে উঠেছে এই ভাটাটি। ইটভাটায় কয়লার পাশাপাশি বিপুল পরিমাণ গাছের গুঁড়িও দেখা গেছে। পরিবেশ অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী ইটভাটায় গাছের গুঁড়ি বা কাঠ বা লাকড়ি পোড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ। কিন্তু কথিত ‘জীরন’ ইটভাটায় কয়লার চাইতে বিপুল পরিমাণ গাছের গুঁড়ি পোড়ানো হচ্ছে। ইটভাটার চিমনি বেশ উঁচু হলেও গাছের গুঁড়ি বা অন্যান্য কাঠ পোড়ানোর কারণে পর্যাপ্ত কালো ধোঁয়া নির্গত হতে দেখা গেছে।

জীরন ইটভাটার ম্যানেজার ম্যানেজার আমিনুল ইসলাম দুলাল বলেন, ভাটাটি আগে থেকেই সবাইকে ম্যানেজ করেই চলে আসছে এবং ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর বর্তমান অনর্বর্তীকালীন সরকারের এই কয়েক মাসেও এখনও পর্যন্ত কোন সমস্যা হয় নাই। ইটভাটায় পুরাদমে ইট উৎপাদনের কার্যক্রম চলমান আছে বলে স্বীকার করলেন তিনি।

জামালপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সুকুমার সাহা বলেন, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র পাওয়া একটি ইটভাটার নাম পরিবর্তনের জন্য আমাদের কাছে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হয়। কিন্তু মেসার্স জীরন ব্রিকস নামের ইটভাটাটি অবৈধ। তাদেরকে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র দেয়া হয়নি। তাই তাদের নাম পরিবর্তনের জন্য কোনো কাগজ আমরা পাইনি।’

সুকুমার সাহা আরো বলেন-‘আমাদের কার্য ক্ষমতার মধ্যে যতটুকু করার আমরা ততটুকু করেছি। আমরা গত বছর তাদেরকে জরিমানা করেছি। বন্ধের নির্দেশ দিয়েছি। এর বাইরে আমাদের করার কিছু নেই। এখন যা করার উর্ধ্বতন কর্তৃপক্ষ করবেন।’

মোঃ ইমরান মাহমুদ
জামালপুর প্রতিনিধি

সর্বশেষ নিউজ