ডিবি থেকে বের হয়ে কি বললেন হিরো আলম?

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

শনিবার দুপুর আড়াইটার দিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে  প্রবেশ করেন হিরো আলম।

ডিবি সূত্রে জানা গেছে, ব্যক্তিগত কারণে হিরো আলম ডিবিতে এসেছেন। তিনি একটি বিষয়ে ডিবি পুলিশের সহযোগিতা চান। এ ব্যাপারে হিরো আলম ডিবি থেকে বের হয়ে কথা বলবেন।

সম্প্রতি আরাভ খানের স্বর্ণের দোকান উদ্বোধন অনুষ্ঠানে গিয়ে সমালোচনায় পড়েন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম।

তাই আরাভ ইস্যুতে যেকোনো প্রয়োজনে ডিবিতে সহযোগিতার কথা জানাতে পুলিশ কার্যালয়ে যান  হিরো আলম।আর এই সময় ডিবির প্রধান অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন-অর রশীদের সঙ্গে দেখা করেন হিরো আলম।

পরে বের হয়ে সাংবাদিকদের জানান, দুবাইয়ের আলোচিত স্বর্ণ ব্যবসায়ী আরাভ খানকে ধরতে তিনি গোয়েন্দা পুলিশকে তথ্য দিয়ে সব ধরনের সহযোগিতা করবেন। ডিবির তদন্তে তাকে ডাকা হলে তিনি আসবেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে হিরো আলম আরও জানান, ‘আমি আইনকে শ্রদ্ধা করি। আরাভ ইস্যুতে কোনো তথ্য বা সহযোগিতা লাগলে আমি করব। আরাভের বিষয়টি যেহেতু তা রা (ডিবি) তদন্ত করছে, যেকোনো প্রয়োজনে তথ্য লাগলে আমি তাদের দেব। আজকেও এই বিষয়ে কিছু কথাবার্তা হয়েছে।’

আরাভ পুলিশ হত্যা মামলার আসামি বিষয়টি না জানার বিষয়ে তিনি বলেন, ‘এ বিষয়ে ডিবি থেকে আগে কিছু জানানো হয়নি। আমি আরাভের দাওয়াতেই দুবাই গিয়েছিলাম। তদন্তের স্বার্থে আরাভের বিষয়ে কিছু জানতে চাইলে আমি সহযোগিতা করব। তারা আমাকে ডাকলে আমি আসব। সে (আরাভ) যদি আসামি হয়ে থাকে, তাহলে তাকে ধরতে সহযোগিতা করা নাগরিক হিসেবে আমার দায়িত্ব। তাই তদন্তের প্রয়োজনে ডাকলে আমি আসব।’

হিরো আলম আরও বলেন, ‘ডিবিতে আমাকে ডাকা হয়নি। আপনারা দেখছেন চলচ্চিত্রের কিছু লোকজন আমাকে নিয়ে অকথ্য ভাষায় নানা ধরনের কথা বলছে। আগে আমাকে কেউ বকা দিলেও প্রতিবাদ করতাম না। কিন্তু চলচ্চিত্রের কিছু পরিচালক, প্রযোজক ও অভিনেতা-অভিনেত্রী আমার বিরুদ্ধে নানা ধরনের কথা ছড়াচ্ছে। তাদের বিরুদ্ধে আমি লিখিত অভিযোগ নিয়ে এসেছি। এছাড়া আমার ফেসবুক ও ইউটিউবের কিছু কন্টেন্ট কিছু ব্যক্তি নিজের কন্টেন্ট বলে লাইসেন্স করে নিয়েছে। তারা এখন আমার চ্যানেলে স্ট্রাইক ও রিপোর্ট করছে। সব মিলিয়ে আমি নিজেই এসেছি।’

অভিযোগের বিষয়ে কথা বলতে গিয়ে তিনি জানান, ‘আমি কয়েকজনের নাম উল্লেখ করে অভিযোগ করেছি। এতে যারা আমাকে নিয়ে নানা ধরনের কথা বলেছে- তাদের নাম আছে। এছাড়া আমার কন্টেন্ট নিয়ে যারা রিপোর্ট মেরেছে, তাদের নামও আছে।’তবে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কারও নাম উল্লেখ করেননি।

গোয়েন্দা প্রধানের প্রশংসা করে হিরো আলম বলেছেন, ‘হারুন স্যার অনেক ভালো মানুষ। আমার অভিযোগ তিনি শুনেছেন। তিনি আমাকে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন। এছাড়াও আগামী নির্বাচনে তিনি আমাকে সহযোগিতা করবেন বলে আশ্বস্ত করেছেন।’

সর্বশেষ নিউজ