‘দুষ্টু পোলাপান’ খ্যাত সংগীতশিল্পী ফাতেমা তুয যাহরা ঐশীর বাগদান সম্পন্ন।
ব্যক্তিগত ফেসবুক হ্যান্ডেলে বাগদানের একটি ছবি প্রকাশ করে বিষয়টি নিশ্চিত করেছেন ঐশী নিজেই। ছবির ক্যাপশনে লিখেছেন দুটি আরবী শব্দ, ‘বারাকাল্লাহু ফিকুম’।
তার হবু বরের নাম আরেফিন জিলানী সাকিব। রবিবার রাতে পারিবারিক আয়োজনে আংটিবদল করেন তারা। এসময় দুই পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে ঐশী বলেন, ‘আড়াই বছরের পরিচয় আমাদের। দুজনার পছন্দ ছিল। রবিবার রাতে হুট করে সাকিবের মা এসে আমাকে আংটি পরিয়ে যান। আর বিয়ের আনুষ্ঠানিকতাগুলো আমরা পরিকল্পনা করে সবাইকে জানাব।’
সেই সাথে নতুন জীবনের জন্য সবার কাছে দোয়াও চেয়েছেন ‘দুষ্টু পোলাপাইন’ খ্যাত এই গায়িকা। গান গাওয়ার পাশাপাশি ঐশী একজন চিকিৎসকও। ২০২১ সালে তিনি ঢাকার শমরিতা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এমবিবিএস সম্পূর্ণ করেন। বর্তমানে বেসরকারি ওই হাসপাতালেরই সিসিইউর মেডিকেল অফিসার হিসেবে কাজ করছেন।

