চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুন পর্যন্ত সময়ের মধ্যে নির্ধারিত নির্বাচনের প্রতি জামায়াতে ইসলামীর আস্থা রয়েছে বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (২৪ মে) রাজধানীতে দলের কেন্দ্রীয় মজলিসে শুরার অধিবেশনে তিনি এ মন্তব্য করেন।
ডা. শফিকুর রহমান বলেন, আমরা বিশ্বাস করি, এই সময়সীমার মধ্যে নির্বাচন সম্ভব। নির্বাচনকে চাপ দিয়ে নয়, সহযোগিতার মাধ্যমে এগিয়ে নিতে চাই। সব রাজনৈতিক সংগঠনের প্রতি আহ্বান জানাই সরকারকে এই প্রক্রিয়ায় সহায়তা করুন। জাতীয় সংকটে সবাইকেই দায়িত্ব নিতে হবে।
বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে অন্তর্বর্তীকালীন সরকারের উদ্যোগে সর্বদলীয় বৈঠকের মাধ্যমে জাতীয় স্বার্থকে গুরুত্ব দিয়ে সমাধান খোঁজার আহ্বান জানান তিনি। তার মতে, জাতির মধ্যে যে অনিশ্চয়তা বিরাজ করছে, তা সকল পক্ষের অংশগ্রহণেই কাটিয়ে ওঠা সম্ভব। জামায়াত ইতোমধ্যে সব দলের সঙ্গে আলোচনার উদ্যোগ নিয়েছে।
তিনি আরও বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের আস্থা ফিরিয়ে আনতে গ্রহণযোগ্য নির্বাচনী সংস্কার জরুরি। তবে এখন পর্যন্ত কোনো সুস্পষ্ট রোডম্যাপ সামনে আসেনি। যদি নির্বাচন বিশ্বাসযোগ্য না হয়, জনগণ সেটিকে প্রত্যাখ্যান করবে।
জুলাই মাসে আন্দোলনের সময় যারা গুম ও হত্যার শিকার হয়েছেন, তাদের ন্যায়বিচার দাবি করে তিনি বলেন, এই অপরাধের বিচার না হলে দেশ অন্ধকারের পথে হারিয়ে যেতে পারে।
মানবিক করিডর ইস্যুতে জাতীয় নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে তিনি মন্তব্য করেন, এমন স্পর্শকাতর সিদ্ধান্ত সরকার যেন সব পক্ষের সঙ্গে আলোচনার ভিত্তিতে নেয়।
চট্টগ্রাম বন্দরের ওপর দেশের বাণিজ্য নির্ভরশীল উল্লেখ করে তিনি বলেন, এ ধরনের গুরুত্বপূর্ণ বিষয়ে হঠাৎ করে সিদ্ধান্ত নেওয়া সমীচীন নয়।
সেনাবাহিনী প্রসঙ্গে জামায়াত আমির বলেন, সেনাবাহিনী আমাদের গর্ব। কোনো বক্তব্য বা পদক্ষেপের মাধ্যমে এ প্রতিষ্ঠানকে বিতর্কিত করা উচিত নয়।

