ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঘোষণার গেজেট স্থগিত চেয়ে করা লিভ টু আপিলের শুনানির তারিখ বৃহস্পতিবার (২৯ মে) নির্ধারণ করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন বেঞ্চ বুধবার (২৮ মে) এ আদেশ দেন এবং নির্বাচন কমিশনের বক্তব্য শুনতেও আদেশ দেন।
আদালতে আপিলকারীর পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ হোসেন, আর ইশরাকের পক্ষে শুনানি করেন এ এম মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার একেএম আহসানুর রহমান।
এর আগে হাইকোর্ট নির্বাচনি ট্রাইব্যুনালের রায় এবং ইসির গেজেট বাতিল চেয়ে করা রিট খারিজ করে দেয় ২২ মে। পরে ২৫ মে ওই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগের চেম্বার আদালতে লিভ টু আপিল করেন রিটকারী।
২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ডিএসসিসি নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী শেখ ফজলে নূর তাপস বিজয়ী হন। তবে নির্বাচন বাতিল চেয়ে ইশরাক হোসেন মামলা করেন। গণ-অভ্যুত্থানের পর মেয়র পদ শূন্য ঘোষণার প্রেক্ষিতে নির্বাচনি ট্রাইব্যুনাল ২৭ মার্চ ইশরাককে বৈধ মেয়র ঘোষণা করে। ২৭ এপ্রিল ইসির গেজেটে তা প্রকাশিত হয়।

