বগুড়া শহরে ইয়াবা কেনাবেচার সময় পুলিশের হাতে ধরা পড়েছেন তিন পুলিশ সদস্য ও এক আনসার সদস্য। এদের মধ্যে একজন পুলিশের নায়েক, দুজন কনস্টেবল এবং একজন আনসার সদস্য। অভিযানে তাদের কাছ থেকে ৮৫০ পিস ইয়াবা জব্দ করা হয়।
পুলিশ সদর দপ্তরের মিডিয়া উইং সূত্রে জানা গেছে, গত ২৯ মে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
সেদিন সন্ধ্যা সোয়া ৬টার দিকে শহরের সাতমাথার হোটেল একাত্তরের সামনে তিনজন সন্দেহভাজন অবস্থান করছেন—এমন তথ্যের ভিত্তিতে এসআই কুদ্দুসের নেতৃত্বে অভিযান চালানো হয়।
অভিযানে জয়পুরহাট সদরের ট্রাফিক কনস্টেবল মো. সাখাওয়াত হোসেন, রাজশাহী জেলার কনস্টেবল মো. আব্দুল ওয়াহাব এবং আনসার সদস্য মো. আবু সুফিয়ানকে আটক করা হয়। আবু সুফিয়ানের কাছ থেকে উদ্ধার হয় ৭০০ পিস ইয়াবা।
জিজ্ঞাসাবাদে তারা জানান, গ্রেপ্তারের কিছু সময় আগে একজন ১৫০ পিস ইয়াবা কিনে চলে গেছেন। তার মোবাইল নম্বর সংগ্রহ করে পুলিশ অভিযান চালিয়ে তাকেও গ্রেপ্তার করে। পরে জানা যায়, তিনিও একজন পুলিশ সদস্য—নাম মো. আব্দুল আলিম, বগুড়া পুলিশ লাইন্সে নায়েক পদে কর্মরত।
তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

