জোড়া গোল করে রেকর্ড ভাঙলেন মেসি, দুর্দান্ত জয়ে তৃতীয় মায়ামি

স্পোর্টস ডেস্ক
spot_img
spot_img

ম্যাচের পর ম্যাচে ছন্দে রয়েছেন লিওনেল মেসি। আগের ম্যাচে জোড়া গোল করে দলকে জয়ের ধারায় ফিরিয়েছিলেন, এবারও সেই ধারাবাহিকতা বজায় রেখে আবারও জোড়া গোল করলেন এই আর্জেন্টাইন মহাতারকা। শুধু গোল নয়, সতীর্থদের দিয়েও গোল করিয়ে ইন্টার মায়ামিকে বড় জয়ের পথ দেখালেন মেসি।

মেজর লিগ সকারে (এমএলএস) রবিবার সকালে কলম্বাস ক্রুকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে মায়ামি। ম্যাচে জোড়া গোল করে ইন্টার মায়ামির হয়ে এমএলএসে সর্বোচ্চ গোলদাতার আসন দখল করে নিয়েছেন মেসি। সাবেক সতীর্থ গঞ্জালো হিগুয়েইনের ২৯ গোল ছাড়িয়ে তার গোল সংখ্যা এখন ৩১।

মায়ামির ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে কলম্বাসের সঙ্গে বলদখল ও আক্রমণে ছিল হাড্ডাহাড্ডি লড়াই। বলদখলে মায়ামির ৫১ শতাংশের বিপরীতে কলম্বাসের ছিল ৪৯ শতাংশ। শটও প্রায় সমান—মায়ামির ১৪, কলম্বাসের ১২। তবে গোলের দিকে কার্যকারিতায় অনেক এগিয়ে মেসির দল। লক্ষ্য বরাবর ৭ শট নিয়ে ৫টিই গোল করেছে মায়ামি।

ম্যাচের ১৩তম মিনিটেই শুরু হয় মেসির শাসন। মাঝমাঠ থেকে চোখ ধাঁধানো এক পাসে সতীর্থ তাদেও আলেন্দেকে গোল করান মেসি। এরপর ১৫ মিনিটে কলম্বাস গোলরক্ষকের ভুলে বল পেয়ে নিজেই গোল করেন মেসি। এতে ২-০ ব্যবধানে এগিয়ে যায় মায়ামি।

২৪ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন মেসি, যা দলের তৃতীয়। এবার বুসকেতসের মাঝমাঠ থেকে বাড়ানো বল নিখুঁতভাবে নিয়ন্ত্রণে নিয়ে দারুণ এক চিপ শটে গোলরক্ষককে পরাস্ত করেন আর্জেন্টাইন অধিনায়ক।

৫৮ মিনিটে সিজার রুভালকাবা এক গোল শোধ করলেও ৬৪ মিনিটে লুইস সুয়ারেজ ও ম্যাচের একেবারে শেষ দিকে মেসির পাস থেকে ফাফা পিকাল্টের গোল মায়ামির জয় নিশ্চিত করে দেয় ৫-১ ব্যবধানে।

এই জয়ে ১৮ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে এমএলএস পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে ইন্টার মায়ামি। তাদের উপরে থাকা শীর্ষ দল ফিলাডেলফিয়ার চেয়ে মাত্র ৫ পয়েন্ট পিছিয়ে আছে তারা, তাও এক ম্যাচ কম খেলে। মেসি-সুয়ারেজ-বুসকেতসদের মায়ামি এখন লিগ শিরোপার অন্যতম দাবিদার।

সর্বশেষ নিউজ