বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে আবারও নগর ভবন ঘেরাও করে বিক্ষোভ করছেন তার সমর্থকরা। রোববার সকাল থেকে তারা নগর ভবন চত্বরে অবস্থান নিয়ে স্লোগান দেন এবং ভবনের প্রধান ফটকসহ অন্যান্য ভবনে তালা ঝুলিয়ে দেন।
এর ফলে নগর ভবনের সব ধরনের নাগরিক সেবা কার্যক্রম বন্ধ হয়ে গেছে। সকাল থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে ইশরাকের সমর্থকরা সেখানে জড়ো হন এবং মূল ভবনের নিচে অবস্থান নেন। এতে নগর ভবন কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে।
সমর্থকরা ‘ইশরাক তোমার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘ইশরাকের শপথ নিয়ে টালবাহানা মানব না’, ‘ইশরাক ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে’—এমন নানা স্লোগান দিতে থাকেন।
নগর ভবনের প্রধান ফটকে তালা দেওয়ায় সেবা নিতে আসা সাধারণ নাগরিকরা প্রবেশ করতে পারছেন না।
বিক্ষোভকারীরা জানান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী উপলক্ষে গত দুইদিন কর্মসূচি স্থগিত ছিল, তবে আন্দোলন থেমে নেই। যতদিন না ইশরাক হোসেনকে শপথ পড়ানো হবে, ততদিন আন্দোলন চলবে বলেও হুঁশিয়ারি দেন তারা।
এর আগে ১৪ মে থেকে টানা অবস্থান ও কর্মবিরতি কর্মসূচি চালিয়ে যাচ্ছেন তারা। গত সপ্তাহে যমুনা টিভি কার্যালয়ের সামনেও অবস্থান কর্মসূচি পালন করেন ইশরাকের সমর্থকরা।
প্রসঙ্গত, গত ২৭ মার্চ নির্বাচনি ট্রাইব্যুনাল ও ঢাকা ১ম যুগ্ম জেলা জজ আদালত এক রায়ে ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করেন। এরপর ২৭ এপ্রিল নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করে। তবে স্থানীয় সরকার মন্ত্রণালয় এখনো সেই গেজেট বাস্তবায়নে কোনো উদ্যোগ নেয়নি। সর্বশেষ বৃহস্পতিবার আপিল বিভাগ ইশরাকের শপথ না পড়ানো সংক্রান্ত আপিল খারিজ করে দেয়।

