ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিহত ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যর বড় ভাই সর্দার আমিরুল ইসলাম সাগর জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)—তে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন। এনসিপির ঢাকা মহানগর উত্তর শাখার সদ্য গঠিত সমন্বয় কমিটিতে তাকে সদস্য করা হয়েছে।
সাগর ছাত্রদলের কেন্দ্রীয় কমিটিতে মুক্তিযুদ্ধ ও গবেষণা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তবে ২০১৭ সালের আগস্টে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা জানিয়ে ফেসবুক পোস্ট দেওয়ায় তিনি ছাত্রদল থেকে বহিষ্কৃত হন। পরবর্তীতে ২০১৯ সালের ১৭ এপ্রিল তাকে সংগঠনে ফিরিয়ে নেওয়া হয়।
এ বিষয়ে সাগর গণমাধ্যমে বলেন,
২০১৯ সালে ছাত্র রাজনীতি ছেড়ে দেওয়ার পর আর কোনো সংগঠনে যুক্ত হইনি। আমি জিয়াউর রহমানের জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাস করি। আমার বাবা ছিলেন ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন নেতা। এখন সময় এসেছে ভিন্ন ধারায় জাতীয়তাবাদের রাজনীতি করার, সেই চিন্তা থেকেই এনসিপিতে যোগ দিয়েছি।”
প্রেক্ষাপট:
গত ১৩ মে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চের পাশে নিহত হন। এই মর্মান্তিক ঘটনার পর রাজনীতিতে সাম্যর পরিবারের অবস্থান নিয়ে আলোচনা শুরু হয়।

