ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায় রোধে রাজধানীর গাবতলী বাস টার্মিনালে অভিযান পরিচালনা করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বুধবার (৪ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে চালানো এই অভিযানে আহাদ পরিবহন ও আসাদ পরিবহনকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে অংশ নেয় ডিএমপির মিরপুর বিভাগের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, বাংলাদেশ সেনাবাহিনী, ট্রাফিক দারুস সালাম বিভাগ ও দারুস সালাম থানা পুলিশ।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ—পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন,
“ঈদের সময় লাখো মানুষ রাজধানী ছেড়ে গ্রামে যান। তাদের যাত্রা যেন নির্বিঘ্ন, নিরাপদ ও সুশৃঙ্খল হয়, সে লক্ষ্যেই আমরা কাজ করছি। অতিরিক্ত ভাড়া আদায়ের মতো অনিয়ম ঠেকাতে ডিএমপির অভিযান চলমান থাকবে।”
অভিযানে সেনাবাহিনী, ট্রাফিক পুলিশ ও থানা পুলিশের যৌথ অংশগ্রহণে যাত্রীরা সন্তোষ প্রকাশ করেন। অনেক যাত্রী নিয়মিত এ ধরনের অভিযান চালানোর আহ্বান জানিয়েছেন।

