চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের বাড়ির নামজারির কাগজ সরকারি পর্যায় থেকে তার হাতে পৌঁছে দেওয়া হয়েছে। বুধবার (৪ জুন) রাত ৯টার দিকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান ব্যক্তিগতভাবে খালেদা জিয়ার কাছে কাগজগুলো হস্তান্তর করেন।
এ সময় তার সঙ্গে ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান রিয়াজুল ইসলাম।
খালেদা জিয়ার একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার জানান, “উপদেষ্টা আদিলুর রহমান খান ও সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রায় আধা ঘণ্টা সময় কাটান। এটি মূলত সৌজন্য সাক্ষাৎ ছিল। তারা কিছু কাগজপত্র হস্তান্তর করেন, তবে ঠিক কী ধরনের কাগজপত্র তা স্পষ্টভাবে বলা যায়নি।”
এদিকে বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, সরকারি প্রতিনিধিরা খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন এবং ঈদের শুভেচ্ছা জানান।
আরও পড়ুন
অতিরিক্ত ভাড়া আদায়: গাবতলীতে দুই পরিবহনকে জরিমানা
বকেয়া বেতন চাইতে গিয়ে নার্স মারধরের শিকার, থানায় অভিযোগ
উল্লেখ্য, ১৯৮১ সালের ৩১ মে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর তার স্ত্রী খালেদা জিয়াকে রাজধানীর গুলশানে দেড় বিঘা জমির ওপর একটি বাড়ি সরকারিভাবে বরাদ্দ দেওয়া হয়। বর্তমানে তিনি যে ‘ফিরোজা’ নামের বাড়িতে বসবাস করছেন, সেটি ঐ বরাদ্দকৃত বাড়ির কাছেই অবস্থিত।
এছাড়াও খালেদা জিয়ার জন্য সেনানিবাস এলাকায় আরেকটি বাড়ি বরাদ্দ দেওয়া হলেও, পরে আওয়ামী লীগ সরকারের আমলে সেটির বরাদ্দ বাতিল করা হয়।

