ব্যাংকের ভল্ট ভেঙে ১৫ লাখ টাকা চুরি

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

ঢাকার কেরানীগঞ্জে আইএফআইসি ব্যাংকের ভল্ট থেকে ১৫ লাখ টাকা চুরির ঘটনায় গ্রেপ্তার হওয়া দুই অভিযুক্ত আল আমিন হাওলাদার ও ইমরান শেখকে একদিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। রোববার (১৫ জুন) অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট একেএম মহিউদ্দিন এ আদেশ দেন।

১১ জুন দায়ের করা মামলায় তদন্ত কর্মকর্তা এসআই সুমন মিয়া ৭ দিনের রিমান্ড আবেদন করলেও শুনানি শেষে আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেন। শুনানিকালে আসামিপক্ষ জানায়, ইতোমধ্যে ১০ লাখ টাকা উদ্ধার করা হয়েছে, তাই রিমান্ডের প্রয়োজন নেই। তবে আদালত একদিনের রিমান্ড অনুমোদন করেন।

চুরির ঘটনায় নৈশপ্রহরী সিয়াম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তদন্তে জানা গেছে, ৯ জুন রাতে ঈদের ছুটির সুযোগে ব্যাংকের পেছনের ওয়াশরুমের অ্যাডজাস্ট ফ্যান ভেঙে ভেতরে প্রবেশ করে একটি সংঘবদ্ধ চক্র। তারা প্রথমে সিসিটিভি অকার্যকর করে, এরপর ভল্ট ভেঙে প্রায় ১৫ লাখ টাকা নিয়ে পালিয়ে যায়।

পুলিশের যৌথ অভিযানে সিয়ামের ভাড়া বাসা থেকে ৭ লাখ ৪০ হাজার টাকা, আল আমিনের বাসা থেকে ২ লাখ ৪০ হাজার টাকা এবং ইমরানের বাড়ি থেকে ৫ লাখ ৪০ হাজার টাকা উদ্ধার করা হয়। এছাড়া চুরির কাজে ব্যবহৃত যন্ত্রপাতি ও সিসিটিভি ডিভাইস জব্দ করা হয়েছে।

কেরানীগঞ্জ থানার ওসি মনিরুল হক জানিয়েছেন, পরিকল্পিতভাবে এই চুরির ঘটনা ঘটানো হয় এবং তদন্তে আরও তথ্য উদ্ঘাটনের চেষ্টা চলছে।

সর্বশেষ নিউজ