বাংলাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, একই সময়ে নতুন করে ২৪৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এতে চলতি বছরে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩০ জনে, আর আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৫,৯৮৮ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সর্বশেষ যিনি মারা গেছেন, তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
নতুন আক্রান্তদের মধ্যে সর্বাধিক ১৩৪ জন রোগী বরিশাল বিভাগের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন।
এছাড়া বিভাগভিত্তিক ভর্তি তথ্য:
ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায়: ৪৩ জন
ঢাকা বিভাগের অন্যান্য এলাকায়: ৯ জন
চট্টগ্রাম: ৩৯ জন
ময়মনসিংহ: ৭ জন
খুলনা: ৮ জন
রাজশাহী: ৫ জন
রংপুর: ৩ জন
সিলেট: ১ জন
বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন মোট ৬৫৯ জন। এর মধ্যে ঢাকার হাসপাতালে ১৭২ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে চিকিৎসাধীন ৪৮৭ জন।
প্রসঙ্গত, ২০২৪ সালে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ১,০১,২১৪ জন, আর প্রাণ হারান ৫৭৫ জন। যা ছিল দেশে ডেঙ্গুর ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু এবং তৃতীয় সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড।

