বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্ক বর্তমানে ‘পুনর্বিন্যাসের’ পর্যায়ে

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্ক বর্তমানে ‘পুনর্বিন্যাসের’ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি স্পষ্ট করে বলেন, এ সম্পর্ককে ‘শীতল’ বলা যাবে না। বরং এটি পুরনো কাঠামো থেকে নতুন বাস্তবতার সঙ্গে অভিযোজনের মধ্য দিয়ে এগোচ্ছে।

বৃহস্পতিবার (২৬ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারতের সঙ্গে সম্পর্ক শীতল নয়, বরং একটি রি-অ্যাডজাস্টমেন্ট পর্যায়ে রয়েছে। আমাদের সদিচ্ছার কোনো ঘাটতি নেই।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় ভারতের সঙ্গে যে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, বর্তমান সরকারের সঙ্গে সেই ধরনের সম্পর্ক নেই উল্লেখ করে তিনি বলেন, “আমরা বাস্তবতাকে স্বীকার করি। ভারতের সঙ্গে বর্তমান সম্পর্ক অতীতের মতো ঘনিষ্ঠ নয়। এটিই বাস্তবতা।

তবে এই ‘পুনর্বিন্যাস’ ঠিক কোন দিক দিয়ে—রাজনৈতিক, অর্থনৈতিক, নাকি অন্য কোনো—তা জানতে চাইলে তিনি বলেন, সম্পর্ক তো সবকিছু মিলিয়েই।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনার সরকার পতনের পর থেকেই বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সম্পর্কে এক ধরনের টানাপোড়েন শুরু হয়।

এ সময় মিয়ানমারের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গেও তিনি বলেন, আমাদের কোনো দ্বন্দ্ব নেই, একমাত্র সমস্যা হলো রোহিঙ্গা ইস্যু। আমরা চাই তারা নিরাপদে দেশে ফিরে যাক। কিন্তু বাস্তবায়ন করতে পারছি না। আমরা এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছি, এবং ভবিষ্যতে সফল হওয়ার আশা রাখি।

সর্বশেষ নিউজ