আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম আত্মহত্যা করার চেষ্টা করেছেন বলে জানা গেছে। বগুড়ার ধুনট উপজেলায় বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়ে তিনি ঘুমের ওষুধ সেবন করে আত্মহত্যার চেষ্টা করেন।
শুক্রবার (২৭ জুন) দুপুর ১২টায় অচেতন অবস্থায় ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন তার বন্ধু। চিকিৎসকরা জানিয়েছেন, হিরো আলম শঙ্কামুক্ত রয়েছেন।
স্থানীয় সূত্র জানায়, হিরো আলম বৃহস্পতিবার রাত ৩টায় বগুড়ার ধুনট উপজেলার যমুনা নদীর তীরবর্তী ভান্ডারবাড়ি গ্রামে নাট্যকর বন্ধু জাহিদ হাসান সাগরের বাড়িতে বেড়াতে যান। রাতে দুই বন্ধু রিয়া মনিকে নিয়ে অনেক আলোচনা করেন। পরবর্তীতে আলাদা বিছানায় ঘুমিয়ে পড়েন।
শুক্রবার বেলা ১১টায় হিরো আলমকে ঘুম থেকে তুলতে না পেয়ে তার বন্ধু বালিশের পাশে ঘুমের ওষুধ পড়ে থাকতে দেখেন। এরপর দ্রুত তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
হিরো আলমের বন্ধু জাহিদ হাসান সাগর বলেন, হিরো আলম অনেকদিন ধরেই হতাশায় ভুগছিলেন, বিশেষ করে রিয়া মনির সঙ্গে সম্পর্কের টানাপোড়েন তাকে মানসিকভাবে প্রভাবিত করেছে। তার কথায়, যেখানে যান সেখানে লোকজন তাকে বিরক্ত করে, নানা প্রশ্ন করেন। নিরিবিলি সময় কাটানোর জন্যই তিনি আমার বাড়িতে এসেছিলেন। আমার ধারণা, রিয়া মনিকে না পাওয়ার হতাশায় তিনি আত্মহত্যার চেষ্টা করেছেন।”
হিরো আলমের এই খবর পেয়ে তার স্ত্রী রিয়া মনি দ্রুত বগুড়া ছুটে আসেন। হাসপাতালে গিয়ে তিনি তার কিছু ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করেন এবং ক্যাপশনে লেখেন, “সম্পর্ক গড়ে তুলতে যেমন সময় লাগে, ভাঙতেও তেমন সময় লাগে। সম্পর্ক দুজনের মিলে গড়ে ওঠে, আর ভেঙে যায় তৃতীয় পক্ষের কারণে।”
জানা গেছে, হিরো আলম ও রিয়া মনির মধ্যে সাম্প্রতিককালে সম্পর্কের টানাপোড়েন চলছে। এই হতাশার মধ্যেই আত্মহত্যার চেষ্টা করেন তিনি।

