দুবাইয়ের শাসক, সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষামন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাখতুমের কন্যা মাহরা বিলাসবহুল জীবনযাপনের জন্য পরিচিত। তিনি বরাবরই তার জীবন যাপন নিয়ে মানুষকে জানাতে পছন্দ করেন।
এবার তারই রাজকীয় বিয়ে দেখতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাত। মাহরার বিয়ের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে। রাজপরিবারের সদস্যরা বুধবার বিয়ের বিষয়টি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মাধ্যমে আনুষ্ঠানিক ঘোষণা দেন।
সংযুক্ত আরব আমিরাতের রাজপরিবারের সদস্য শেখ মানা বিন মোহাম্মদ বিন রশিদ বিন মানা আল মাখতুমের সঙ্গেই বিয়ে হচ্ছে দুবাইয়ের ফ্যাশন সচেতন ও জনপ্রিয় এই রাজকন্যার। এরই মধ্যে তাদের বাগদান সম্পন্ন হয়েছে।
শেখ মানা এবং শেখা মাহরা ইনস্টাগ্রামে নিশ্চিত করেছেন যে তারা তাদের কাটব-আল-কিতাব উদযাপন করেছেন। এটি বিবাহের আনুষ্ঠানিক স্বাক্ষর।
গত মাসে এই জুটির সম্ভাব্য বাগদান সম্পর্কে অসমর্থিত প্রতিবেদন প্রচারিত হয়েছিল। এবার সেটি নিশ্চিত হলো।
নবদম্পতিকে অভিনন্দন জানিয়ে শেখ মানার পিতা শেখ মোহাম্মদ বিন রশিদ বিন মানা আল মাখতুম একটি কবিতাও লিখেছেন। ঘোষণায় বলা হয়েছে যে, কবিতাটি দুই রাজপরিবারের মধ্যে বিবাহের আনুষ্ঠানিক স্বাক্ষর উপলক্ষ্যে লেখা হয়েছিল।
তবে কবে এই রাজকীয় বিয়ের উদযাপন হবে সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি।
আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে পড়ালেখা করেছেন মাহরা। ঘোড়ায় চড়া মাহরার অন্যতম শখের একটি। জানা যায়, তার ব্যয়বহুল অনেক ঘোড়া রয়েছে। যেগুলোর পেছনে বছরে কোটি কোটি টাকা ব্যয় করেন তিনি। তবে ঘোড়ার প্রতি ভালবাসা উত্তরাধিকার সূত্রেই পেয়েছেন তিনি।এছাড়া তার বাড়িতে রয়েছে দুইটি রয়েল বেঙ্গল টাইগারও।
কর্মজীবনে শেখ মানা একজন ব্যবসায়ী এবং উদ্যোক্তা। দুবাইতে রিয়েল এস্টেট এবং প্রযুক্তি খাতের বেশ কয়েকটি প্রতিষ্ঠানের উদ্যোক্তা তিনি। এছাড়া মানবিক কাজের অনেক সময় ব্যয় করেন মাহরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার লাখ লাখ ফলোয়ার রয়েছে।
সূত্র: খালিজ টাইমস ও এরাবিয়ান বিজনেস

