রাজধানীর শাহবাগ এলাকায় র্যাব পরিচয়ে সংঘটিত দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় সংঘবদ্ধ ডাকাত দলের আট সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ডিএমপির শাহবাগ থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন– মিন্টু হালদার (৪২), মো. নাজমুল হাসান, নির্মল হালদার (৩৭), সালাউদ্দিন (৩৫), মো. দেলোয়ার হোসেন সিকদার (৫৫), সৈয়দ শামীম হোসেন (৪৫), পবিত্র পাল (৩৮) ও বলরাম চন্দ্র পাল (৩৭)।
শাহবাগ থানা সূত্রে জানা যায়, গত ২৮ জুলাই দুপুর আনুমানিক ২টা ৫৫ মিনিটে রঞ্জন চন্দ্র সিংহ নামের এক ব্যক্তি বাংলাদেশ সচিবালয় মেট্রো স্টেশনের কাছাকাছি পৌঁছালে ৩ থেকে ৪ জন অজ্ঞাত ব্যক্তি র্যাবের পোশাক পরে তাকে জোরপূর্বক একটি সাদা রঙের হাইয়েস মাইক্রোবাসে তুলতে চেষ্টা করে। আত্মরক্ষার জন্য রঞ্জন চন্দ্র সিংহ নগদ টাকা ও স্বর্ণালংকার ভর্তি ব্যাগ রাস্তায় ফেলে দেন। তখন র্যাব পরিচয়ে থাকা লোকজন ব্যাগটি নিয়ে দ্রুত সরে পড়ে। ওই ব্যাগে নগদ ৪ লক্ষ টাকা ও প্রায় ১১ ভরি স্বর্ণালংকার ছিল।
ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে ৩১ জুলাই শাহবাগ থানায় নিয়মিত মামলা রুজু করা হয়। এরই ধারাবাহিকতায় শাহবাগ থানার একটি চৌকস আভিযানিক দল তথ্যপ্রযুক্তির সহায়তায় বৃহস্পতিবার সকাল ৮টার দিকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

অভিযান চলাকালে তাদের হেফাজত থেকে ডাকাতির কাজে ব্যবহৃত তিনটি র্যাব ইউনিফর্ম (শার্ট), একটি র্যাব ইউনিফর্ম (প্যান্ট), দুইটি র্যাবের হ্যাঙ্গিং ব্যাজ, চারটি র্যাবের সোল্ডার ব্যাজ, ছয়টি র্যাবের র্যাঙ্ক ব্যাজ, একটি র্যাবের লেনিয়ার্ড, একটি টিউনিং হ্যাঙ্গিং ব্যাজ, একটি র্যাব লেখা ক্যাপ, ১১টি মোবাইল ফোন, দুইটি খেলনা পিস্তল, দুইটি হ্যান্ডকাফ, দুইটি সিগন্যাল লাইট এবং একটি হিরো স্কুটি উদ্ধার করা হয়।
থানা সূত্রে আরও জানা যায়, গ্রেপ্তারকৃতরা সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য। তারা রাজধানীর তাতিবাজার স্বর্ণপট্টি এলাকায় আগত স্বর্ণ ব্যবসায়ীদের অনুসরণ করে র্যাব ও ডিবি পরিচয়ে ডাকাতি করতো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে একাধিক ডাকাতির মামলা রয়েছে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং পলাতক অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

