ঈদুল ফিতর উপলক্ষে ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লে’তে মুক্তি পেতে যাচ্ছে ফ্ল্যাশ ফিল্ম ‘শহরে অনেক রোদ’।
মিজানুর রহমান আরিয়ানের পরিচালনায় এতে জুটি হিসেবে রয়েছেন খায়রুল বাশার ও সাবিলা নূর।
দীপ্ত প্লে’তে ঈদের প্রথম দিন দেখা যাবে ‘শহরে অনেক রোদ’। এতে আরও অভিনয় করেছেন তানিয়া, নাদের চৌধুরী প্রমুখ।
‘শহরে অনেক রোদ’ নিয়ে মিজানুর রহমান আরিয়ান গণমাধ্যমে বলেন, ‘এই রোদ গ্রীষ্মের রোদের মত কড়া নয় এই রোদ শীতের সকালের রোদের মত মিষ্টি’।
তিনি আরও বলেন, ‘একটা মিষ্টি প্রেমের গল্পে নির্মিত হয়েছে শহরে অনেক রোদ। আশা করছি এটা গ্রীষ্মের এই তাপে একটু হলেও শীতলতা ছড়াবে’।
ফ্ল্যাশ ফিল্মের গল্পে দেখা যাবে, এই শহরে থাকার বলতে যা আছে অনিকের তা হলো খালা আর খালু। নিঃসন্তান এই পরিবারের কাছে অনিক যেন তাদের ছেলের মতোই।
কিন্তু অতি ভালোবাসা যে মাঝে-মাঝে অত্যাচার হয়ে যায় তা নিত্যই টের পায় অনিক। বিশেষত খালা বাসায় ডেকে নিয়মিতই বিভিন্ন মেয়ে দেখাতে থাকে তাকে।
কিন্তু অনিকের বিয়েতে অনীহা, মেয়েই যে পছন্দ হয় না তার!
অবশেষে অনিকের যখন একজনকে পছন্দ হয় তখনই লেগে যায় মহাপ্যাঁচ। একদিকে খালা-খালু দাম্পত্য জীবনে নেমে আসে আজব দুর্ঘটনা, অন্যদিকে অনিক বুঝে নেয় কিছু প্রেম কখনোই পায় না পরিণতি!

