১ মে ২০২৬, শুক্রবার

ডিইএব’র বিতর্কিত কমিটি বাতিলের দাবি, ত্যাগীদের সমন্বয়ে নতুন কমিটি গঠনের আহ্বান

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিইএব)-এর নবঘোষিত কমিটিকে ‘বিতর্কিত ও সুবিধাবাদীদের সমন্বয়ে গঠিত’ আখ্যা দিয়ে অবিলম্বে বাতিলের দাবি জানানো হয়েছে। ত্যাগী ও পরীক্ষিত ডিপ্লোমা প্রকৌশলীদের সমন্বয়ে নতুন কমিটি পুনর্গঠনের আহ্বান জানিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকার কাকরাইলে আইডিইবি ভবনে আয়োজিত প্রতিবাদ সভা থেকে এ দাবি জানানো হয়। সভায় অভিযোগ করা হয়, বিএনপির কেন্দ্রীয় নেতাদের ভুল বুঝিয়ে ডিইএব’র ৩৩ সদস্যের অনুমোদিত কমিটিতে ২৩ জন বিতর্কিত, সুবিধাবাদী ও ভিন্ন রাজনৈতিক মতাদর্শে সংশ্লিষ্ট ব্যক্তি স্থান পেয়েছেন। বক্তারা উল্লেখ করেন, দীর্ঘ ১৭ বছরে এদের কাউকে দলের দুর্দিনে কোনো কর্মসূচিতে দেখা যায়নি।

সভায় বিশেষভাবে সমালোচিত হন নবঘোষিত আহ্বায়ক মো. হানিফ। অভিযোগ করা হয়, তিনি ছাত্রজীবনে শিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে শিবির সমর্থিত ভিপি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে ছাত্রদল সমর্থিত প্রার্থী ইবনে ফজল সাইফুজ্জামান সন্টুর কাছে পরাজিত হন। অন্যদের বিরুদ্ধেও আওয়ামী লীগ ও জামায়াতের সাংগঠনিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার অভিযোগ তোলা হয়।

সভায় বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত ডিপ্লোমা প্রকৌশলীদের পক্ষে এই কমিটি গ্রহণযোগ্য নয়। তাই অবিলম্বে বিতর্কিত কমিটি বাতিল করে ত্যাগী ও পরীক্ষিত নেতাদের সমন্বয়ে ডিইএব’র নতুন কমিটি গঠন ও অনুমোদনের জন্য বিএনপির শীর্ষ নেতৃত্বের প্রতি আহ্বান জানান তারা।

সভায় সভাপতিত্ব করেন ডিইএব’র সভাপতি প্রকৌশলী ইবনে ফজল সাইফুজ্জামান সন্টু। স্বাগত বক্তব্য দেন সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ গোলাম কিবরিয়া রুবেল। বক্তব্য রাখেন প্রকৌশলী ইয়াকুব আলী ফকির, প্রকৌশলী তৈয়েবুর রহমান মুকুল, প্রকৌশলী এইচ এম মিলন পাটোয়ারী, প্রকৌশলী এস এম কালাম হোসেন, প্রকৌশলী মো. আলমগীর হোসেন, প্রকৌশলী জাহাঙ্গীর আলম, প্রকৌশলী নিজাম উদ্দিন, প্রকৌশলী রফিকুল ইসলাম সোহেল, প্রকৌশলী আব্দুল গণি, প্রকৌশলী আইনুল আলম, প্রকৌশলী এস এম ফিরোজ, প্রকৌশলী সাহাব উদ্দিন সাবু, প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন, প্রকৌশলী পারভেজ মোশাররফ রাঢ়ী, প্রকৌশলী আবু হানিফ, প্রকৌশলী তুহিনুজ্জামান, প্রকৌশলী আশরাফুল আলম, প্রকৌশলী শহিদুজ্জামানসহ আরও অনেকে।

সর্বশেষ নিউজ