ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে টিএসসি কেন্দ্রে ব্যালটে আগেই ক্রস চিহ্ন থাকার অভিযোগ করা এক নারী শিক্ষার্থীর আচরণকে ‘সন্দেহজনক’ হিসেবে উল্লেখ করে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন।
বুধবার (১৭ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি জানান, ভোটগ্রহণের দিনে ওই শিক্ষার্থী চারবার ভোটকক্ষের বুথে প্রবেশ করেছিলেন এবং বুথ থেকে বের হয়ে একাধিক ব্যক্তির সঙ্গেও আলাপ করেন। এই কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ উল্লেখ করে তিনি জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
বিবৃতিতে বলা হয়, গত ৯ সেপ্টেম্বর সকাল আনুমানিক ১১টায় টিএসসি কেন্দ্রের কেন্দ্রপ্রধান চিফ রিটার্নিং কর্মকর্তাকে ফোনে জানান, এক ছাত্রী ব্যালট গ্রহণ করে বুথে প্রবেশ করেন এবং প্রায় এক মিনিট পর বুথ থেকে বের হয়ে দাবি করেন, তার একটি ব্যালটে দুটি প্রার্থীর পক্ষে পূর্ব থেকেই ক্রস চিহ্ন দেওয়া ছিল। তিনি সেই ব্যালটটি দিয়ে ভোট দিতে অস্বীকৃতি জানান।
পরবর্তীতে উপস্থিত পোলিং অফিসার ও ভোট ব্যবস্থাপকদের সহায়তায় শিক্ষার্থীর অভিযোগ করা ব্যালটটি আলাদা একটি প্যাকেটে সংরক্ষণ করা হয় এবং তাকে নতুন ব্যালটের ১ নম্বর পাতাটি প্রদান করা হয়। এরপর তিনি আবার বুথে প্রবেশ করে ভোট দেন এবং কেন্দ্র ত্যাগ করেন।
অধ্যাপক জসীম উদ্দিন বলেন, ‘ঘটনার বিষয়ে অবহিত হওয়ার পরপরই আমি চিহ্নিত ব্যালটটি সংরক্ষণের নির্দেশ দেই এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনকে একটি তদন্ত কমিটি গঠনের অনুরোধ জানাই। সেখানে উপস্থিত তিনজন শিক্ষককে আমরা জিজ্ঞাসা করি এবং তাদের বর্ণনার সঙ্গে কেন্দ্রপ্রধানের বক্তব্য মিল পেয়েছি। ফলে ঘটনাটি তাৎক্ষণিকভাবে সমাধান হয় এবং প্রচলিত নিয়মে কোনো ব্যত্যয় ঘটেনি।’
তিনি আরও জানান, পরবর্তীতে তাদের কাছে ঘটনাটির ভিডিও ফুটেজ আসে। ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায়, শিক্ষার্থীটি প্রথমবার আনুমানিক ৪০ সেকেন্ড, দ্বিতীয়বার ৬৬ সেকেন্ড, তৃতীয়বার ২ সেকেন্ড এবং চতুর্থবার ১০ মিনিটের বেশি সময় বুথে অবস্থান করেন। সবশেষে তিনি ভোট প্রদান করে কেন্দ্র ত্যাগ করেন।
বিবৃতিতে তিনি বলেন, ‘ভোটকেন্দ্রে তার একাধিকবার বুথে প্রবেশ ও বের হওয়া এবং একাধিক ব্যক্তির সঙ্গে আলাপচারিতা আমাদের কাছে সন্দেহজনক মনে হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে।’

