“ধর্ম যার যার, রাষ্ট্র সবার”এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে দেবী বোধনের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হয়েছে। এ উপলক্ষ্যে জেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে এক বর্ণাঢ্য আগমনী শোভাযাত্রা বের করা হয়।
রবিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১ ঘটিকায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রাটি শহরের শ্রী শ্রী গোপাল জিউর মন্দির প্রাঙ্গন থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় রঙ-বেরঙের ব্যানার, বিভিন্ন প্রতিমার প্রতিকৃতি এবং শিশুরা প্রতিমা সেজে অংশ নেয়।
বর্ণাঢ্য শোভাযাত্রায় উপস্থিত ছিলেন শেরপুর জেলার সম্মানিত জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান, সম্মানিত পুলিশ সুপার আমিনুল ইসলাম-সহ জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও সনাতন ধর্মাবলম্বীগণ।
বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট শেরপুর জেলা শাখার উদ্যোগে গোপাল জিউর মন্দির প্রাঙ্গণে শেরপুর জেলা সম্মানিত পুলিশ সুপার আমিনুল ইসলাম মহোদয় সনাতন ধর্মাবলম্বী দুঃস্থ ও অসহায়দের মাঝে খাদ্যদ্রব্য ও বস্ত্ৰ বিতরণ করা হয়।

