সম্প্রতি সম্পন্ন হয়েছে নতুন ধারাবাহিক নাটক ‘ভদ্র চোর’-এর শুটিং। সমাজের মুখোশপরা ভদ্র চোরদের বাস্তব চিত্র তুলে ধরার লক্ষ্যেই নির্মিত হয়েছে এই নাটকটি।
নাটকের কেন্দ্রীয় চরিত্র খালেক মেম্বার—গ্রামের একজন উচ্চাকাঙ্ক্ষী ব্যক্তি, যিনি তৃণমূল থেকে উঠে সংসদ সদস্য হওয়ার স্বপ্ন দেখেন। সেই লক্ষ্য পূরণে তিনি আশ্রয় নেন নানা কৌশল, প্রতারণা ও রাজনৈতিক ফন্দি-ফিকিরের।
এই কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মো. হেদায়েত উল্লাহ তুর্কী। নাটকে তার চরিত্রের নাম ‘খাটাশ মেম্বার’, যিনি এলাকার প্রভাবশালী ও চতুর রাজনীতিক হিসেবে গল্পে উপস্থিত থাকেন। তার সহযোগী চাঁদাবাজ টেম্পু মন্টুকে ঘিরেই নাটকের ঘটনাপ্রবাহ এগিয়ে চলে।
নাটকটিতে আরও অভিনয় করেছেন ইমতু রাতিশ, কচি খন্দকার, আশরাফুল আলম সোহাগ, শিশির, সঞ্জয় রাজ, সৈয়দা লীরা, শেখ চাঁদনী, আলিজা নূর, নাবিলা চৌধুরী, রাজা হাসান, মিজানুর রহমান, রেজাউল ইসলাম, সূর্য খান, আকাশ, তানজু, রক সোহেল, আসলামসহ আরও অনেকে।
নাটকটির রচনা ও পরিচালনা করেছেন আজিম খান। এটি আগামী মাসের প্রথম দিন থেকে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারিত হবে।
উল্লেখ্য, হেদায়েত উল্লাহ তুর্কী অভিনয়, রচনা ও পরিচালনা—তিন ক্ষেত্রেই নিজের দক্ষতা প্রমাণ করেছেন। তার নির্মিত ও অভিনীত বেশ কয়েকটি ধারাবাহিক ইতোমধ্যেই বিভিন্ন টেলিভিশন চ্যানেলে প্রচারিত হচ্ছে এবং দর্শকমহলে প্রশংসা কুড়িয়েছে।

