প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ, নির্বাচন প্রস্তুতি নিয়ে আলোচনা

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনকালীন নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে তিন বাহিনীর প্রধানকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

শনিবার সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। বৈঠকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান উপস্থিত ছিলেন।

বৈঠকে জাতীয় নিরাপত্তা পরিস্থিতি, আইনশৃঙ্খলা রক্ষা এবং আসন্ন নির্বাচনে তিন বাহিনীর ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

প্রধান উপদেষ্টা বৈঠকে বলেন, “গত ১৫ মাসে সেনাবাহিনীসহ সব বাহিনীর সদস্যরা দেশের আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আসন্ন নির্বাচন যেন নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে ঢাকা থাকে, সে বিষয়ে তিন বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।”

তিনি আরও বলেন, “ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিতব্য নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিশ্রুতিবদ্ধ।”

বৈঠকে তিন বাহিনীর প্রধানরা জানান, নির্বাচনের সময় আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর ৯০ হাজার সদস্য, নৌবাহিনীর আড়াই হাজার সদস্য এবং বিমানবাহিনীর কিছু সদস্য মাঠপর্যায়ে দায়িত্ব পালন করবেন। প্রতিটি উপজেলায় এক কোম্পানি করে সেনা সদস্য মোতায়েন থাকবে।

এছাড়া আগামী ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রধান উপদেষ্টাকে অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণ জানান তিন বাহিনীর প্রধান।

সর্বশেষ নিউজ