ছোটপর্দার এ সময়ের জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। অভিনয়ে পথচলার শুরু থেকেই একাধিকবার তার প্রেমের গুঞ্জন শোনা গেছে। তবে প্রেম নিয়ে কখনোই লুকোচুরি করেননি তিনি।
এবার দীর্ঘ সময় পরে নিজেই নতুন প্রেমের সম্পর্কের কথা স্বীকার করলেন অভিনেত্রী। প্রেম করছেন তিনি। সম্প্রতি দেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের ঈদ অনুষ্ঠানে এ বিষয়ে খোলামেলা কথা বলেছেন অভিনেত্রী।
২০১৭ সালে সংগীতশিল্পী শিল্পী হাবিব ওয়াহিদের সঙ্গে প্রেমের সম্পর্ক ভেঙে যায়। তখনও তিশা প্রকাশ্যে হাবিব ও তার সম্পর্কের অবস্থান পরিস্কার করেন। এরপর আফরান নিশো, অপূর্বসহ একাধিকজনের সঙ্গে প্রেমের গুঞ্জন রটেছিল। যদিও এসব গুঞ্জন নিয়ে কখনো মুখ খোলেননি তিশা।
কিছু দিন আগে এক ঈদ অনুষ্ঠানে প্রেম করছেন কিনা তিশার কাছে জানতে চান উপস্থাপক। জবাবে তানজিন তিশা বলেন, ‘হ্যাঁ প্রেম করছি।’ তবে কার সঙ্গে প্রেম করছেন তার নাম না বললেও জানান, তার প্রেমিক পুরুষটি মিডিয়ার কেউ নন।
প্রেম করলেও আপাতত বিয়ের দেরি আছে বলেও জানান অভিনেত্রী।
তিনি বলেন, ‘বিয়েটা আমার মনে হয় আরও কিছুদিন পর। আসলে নিজেকে গুছিয়ে তোলা, নিজের পরিবারকে গুছিয়ে তোলা, সব কিছুর জন্য সময় নিচ্ছি। আমি আসলে বিয়ে নিয়ে ভাবছি না।’
চলতি বছর বিয়ের পিঁড়িতে বসবেন কিনা, এ প্রশ্নের জবাবেও অস্পষ্টতা রেখেছেন তিশা। তার মতে, ‘ভবিষ্যৎ তো বরাবরই অনিশ্চিত। তাই কখন চার হাত এক হয়, কবুল বলে ফেলি, তা আগাম বলা মুশকিল।’
শুরু থেকেই নাটকে নিয়মিত তানজিন তিশা। সংখ্যার চেয়ে বর্তমানে এ অভিনেত্রী কাজের মানে নজর দিচ্ছেন বেশি। এ কারণে এবারের ঈদে বেশি সংখ্যক নাটকে দেখা মেলেনি তার।

