১৬ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার

খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা, বুধবার সাধারণ ছুটি

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। বুধবার থেকে শোক পালিত হবে। এ ছাড়া জানাজা উপলক্ষ্যে বুধবার সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে দেয়া ভাষণে এ ঘোষণা দেন। এ সময় তিনি সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

প্রধান উপদেষ্টা বলেন, বেগম খালেদা জিয়ার ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত। তাঁর মৃত্যুতে জাতি এক মহান অভিভাবককে হারিয়েছে। তাঁর দীর্ঘ রাজনৈতিক যাত্রা, গণমুখী নেতৃত্ব এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার অবদান চিরস্মরণীয়।

তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে এক পরম মহিমান্বিত ব্যক্তিত্ব ছিলেন। গণতন্ত্র, বহুদলীয় রাজনৈতিক সংস্কৃতি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তাঁর ভূমিকা ইতিহাসে অম্লান হয়ে থাকবে। স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে তাঁর আপসহীন নেতৃত্ব জাতিকে বারবার গণতন্ত্রহীন পরিস্থিতি থেকে উত্তরণের পথ দেখিয়েছে।

প্রধান উপদেষ্টা জাতির প্রতি আহ্বান জানান, এই শোকাবহ সময়ে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকি এবং মহান আল্লাহর দরবারে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি। কেউ যেন অস্থিতিশীলতা বা নাশকতার চেষ্টা করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকার অনুরোধ করছি।

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। পাশাপাশি বুধবার নামাজে জানাজার দিনে একদিনের সাধারণ ছুটি থাকবে। প্রধান উপদেষ্টা সবার প্রতি শৃঙ্খলাবদ্ধভাবে শোক পালনের আহ্বান জানান।

তিনি বলেন, এই মুহূর্তে আবেগাপ্লুত হওয়া স্বাভাবিক, তবে ধৈর্য ধরে সবাই যেন জানাজা ও আনুষ্ঠানিকতায় সহযোগিতা করেন। মহান আল্লাহ আমাদের সকলকে ধৈর্য, শক্তি ও ঐক্যবদ্ধ থাকার ক্ষমতা দান করুন।

সর্বশেষ নিউজ