৬ মে ২০২৬, বুধবার

বগুড়া-৬ আসনে তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

বগুড়া-৬ (সদর) আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। 

শনিবার (৩ জানুয়ারি) জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ সিদ্ধান্ত জানান।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, শনিবার সকাল ১০টা ২৫ মিনিটে যাচাই-বাছাই শেষে তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। একই সঙ্গে এ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আবিদুর রহমান সোহেলের মনোনয়নপত্রও বৈধ হয়েছে।

 

তবে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) মনোনীত প্রার্থী দিলরুবা নূরীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

 

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, আয়কর রিটার্ন দাখিল না করায় তাঁর মনোনয়নপত্র বাতিল করা হয়।

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসন থেকে নির্বাচন করছেন তারেক রহমান। রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এ আসনটি ২০০৮ সাল পর্যন্ত বিএনপির দখলে ছিল। এর মধ্যে ১৯৯১ থেকে ২০০৮ সাল পর্যন্ত চারবার সংসদ সদস্য নির্বাচিত হন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত খালেদা জিয়া।

 

২০১৪ সালের নির্বাচনে এ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জাতীয় পার্টির নুরুল ইসলাম নির্বাচিত হন। ২০১৮ সালের নির্বাচনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জয়ী হলেও শপথ না নেওয়ায় উপনির্বাচনে বিএনপির গোলাম মো. সিরাজ সংসদ সদস্য নির্বাচিত হন। পরে তিনি দলীয় সিদ্ধান্তে পদত্যাগ করলে আরেকটি উপনির্বাচনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান বিজয়ী হন। ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনেও তিনি এ আসনে জয়ী হন।

 

বগুড়া-৬ (সদর) আসনে মোট ভোটার ৪ লাখ ৪৯ হাজার। বৃহত্তর বগুড়া পৌরসভা ও ১১টি ইউনিয়ন নিয়ে গঠিত এ আসনটিকে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়।

 

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র যাচাই-বাছাই চলবে ৪ জানুয়ারি পর্যন্ত। মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল করা যাবে ৬ থেকে ১২ জানুয়ারি। আপিল নিষ্পত্তি হবে ১২ থেকে ১৮ জানুয়ারির মধ্যে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২১ জানুয়ারি।

 

আগামী ২২ জানুয়ারি থেকে নির্বাচনী প্রচারণা শুরু হবে, যা চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি।

সর্বশেষ নিউজ