৬ মে ২০২৬, বুধবার

‘মোস্তাফিজ ইস্যুর পর ভারতে বিশ্বকাপ খেলতে যাওয়া ঝুঁকিপূর্ণ’

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

সাম্প্রতিক সময়ে প্রতিবেশী রাষ্ট্র ভারত ও বাংলাদেশের রাজনৈতিক উত্তেজনার প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনেও। এরই ধারাবাহিকতায় ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশে ২০২৬ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল থেকে মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স।

এই প্রেক্ষাপটে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে বাংলাদেশ দলের ভারত সফরকে ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক ও বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক।

পরিস্থিতি স্বাভাবিক করতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং সরকারের সংশ্লিষ্টদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সাবেক এই ফুটবলার।

সংবাদমাধ্যমকে আমিনুল হক বলেন, ‘সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। মোস্তাফিজ ইস্যুর পরে সে ক্ষেত্রে আমাদের ক্রিকেটাররা ভারতে গিয়ে খেললে একটা শঙ্কার জায়গা থেকে যাবে। সে শঙ্কার জায়গাটা কীভাবে দ্রুত কাটিয়ে উঠবে, সেটা আমি আমাদের ক্রিকেট বোর্ড এবং সরকারের যারা দায়িত্বে রয়েছেন, তাদের ওপর ছেড়ে দিলাম। আপনারা দ্রুত সময়ের মধ্যে এ বিষয়টি নিয়ে আলোচনা করেন, কীভাবে সুরাহা করা যায়।’

উল্লেখ্য, টি-টোয়েন্টি বিশ্বকাপের পরবর্তী পর্বের আয়োজক ভারত ও শ্রীলঙ্কা। টুর্নামেন্টটি শুরু হবে আগামী ৭ ফেব্রুয়ারি। এর আগে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষ করে ২৬ জানুয়ারি ভারতের উদ্দেশে ঢাকা ছাড়ার কথা রয়েছে লিটন দাসের নেতৃত্বাধীন দলের।

টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘সি’ গ্রুপে খেলবে বাংলাদেশ। এই গ্রুপের অন্য দলগুলো হলো ওয়েস্ট ইন্ডিজ, নেপাল, ইংল্যান্ড ও ইতালি। আগামী ৮ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের বিশ্বকাপ অভিযান শুরু হবে।

সর্বশেষ নিউজ