৬ মে ২০২৬, বুধবার

যুদ্ধের জন্য প্রস্তুত ইরান

আন্তর্জাতিক ডেস্ক
spot_img
spot_img

যুক্তরাষ্ট্র যদি ইরানের সামরিক সক্ষমতা পরীক্ষা করতে চায় কিংবা যুদ্ধে জড়াতে উদ্যোগ নেয়, সে জন্য ইরান সম্পূর্ণ প্রস্তুত—এমন হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

 

সোমবার (১২ জানুয়ারি) আলজাজিরা আরবিকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে আব্বাস আরাগচি জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার পথ এখনো খোলা রয়েছে। তবে পরিস্থিতি যেদিকেই গড়াক না কেন, ইরান সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে।

 

তিনি বলেন, গত বছরের জুনে দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের সময় ইরানের যে সামরিক প্রস্তুতি ছিল, বর্তমানে তা আরও বিস্তৃত ও শক্তিশালী করা হয়েছে।

 

যুক্তরাষ্ট্র ইচ্ছাকৃতভাবে ইরানের সামরিক শক্তি যাচাই করতে চাইলে কঠোর জবাব দেওয়া হবে—এ কথা জানিয়ে আরাগচি বলেন, ‘ওয়াশিংটন যদি আমাদের সামরিক সক্ষমতা পরীক্ষা করতে চায়, যেটি তারা আগেও করেছে, তাহলে আমরা প্রস্তুত। আমি আশা করি, যুক্তরাষ্ট্র বুদ্ধিমানের মতো আলোচনাকেই বেছে নেবে।’ এ সময় তিনি ইসরায়েলের স্বার্থ রক্ষায় যুক্তরাষ্ট্রকে যুদ্ধে জড়াতে যারা ভূমিকা রাখছে, তাদের প্রতিও সতর্কবার্তা দেন।

 

চলমান অভ্যন্তরীণ আন্দোলন প্রসঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আন্দোলনের মধ্যে সশস্ত্র সন্ত্রাসীরা ঢুকে পড়েছে। তারা বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর হামলা চালিয়েছে।

 

মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির প্রতিবাদে গত ২৮ ডিসেম্বর রাজধানী তেহরানের বিভিন্ন বাজারের পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা ধর্মঘটের ডাক দেন। সেই ধর্মঘট থেকেই দেশজুড়ে বিক্ষোভের সূত্রপাত হয়।

 

এরপর অল্প সময়ের মধ্যেই ইরানের ৩১টি প্রদেশের প্রায় সব শহর ও গ্রামে দাবানলের মতো ছড়িয়ে পড়ে বিক্ষোভ। দিন যত যাচ্ছে, আন্দোলনের তীব্রতাও তত বাড়ছে। বর্তমানে বিক্ষোভকারীদের কারণে দেশটির স্বাভাবিক জীবনযাত্রা কার্যত অচল হয়ে পড়েছে।

 

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুরু থেকেই ইরানের বিক্ষোভের প্রতি প্রকাশ্যে সমর্থন জানিয়ে আসছেন। ইরানের ক্ষমতাসীন ইসলামি প্রজাতান্ত্রিক সরকার যদি কঠোর ও দমনমূলক পন্থায় আন্দোলন দমন করে, তাহলে সামরিক অভিযানের হুমকিও একাধিকবার দিয়েছেন তিনি।

 

এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দেশটির অর্থনীতি ঢেলে সাজানোর প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেছেন, জনগণের দাবি ও অভিযোগ শোনার জন্য তাঁর সরকার প্রস্তুত রয়েছে।

 

সূত্র: আলজাজিরা

সর্বশেষ নিউজ