৬ মে ২০২৬, বুধবার

হিজাব–নিকাব নিয়ে বিদ্বেষ সহ্য করা হবে না, বিএনপিকে অবস্থান স্পষ্ট করার দাবি

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

হিজাব ও নিকাব নিয়ে বিদ্বেষমূলক বক্তব্য সহ্য করা হবে না—এমন মন্তব্য করে বিএনপিকে নিকাব ইস্যুতে তাদের দলীয় অবস্থান স্পষ্ট করার দাবি জানিয়েছে ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)।

 

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেল ৪টা ৩০ মিনিটে ঢাকার জাতীয় জাদুঘরের সামনে এক প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি থেকে এ দাবি জানানো হয়। নেকাবি নারীদের ‘ইহুদি বেশ্যা নারীদের’ সঙ্গে তুলনা করে মোশাররফ হোসেন ঠাকুরের দেওয়া বক্তব্যের প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করে আপ বাংলাদেশ।

 

কর্মসূচিতে সংগঠনের মুখপাত্র শাহরিন ইরা বলেন, আওয়ামী শাসনামলে যে ইসলামবিদ্বেষ প্রতিষ্ঠার চেষ্টা চালানো হয়েছিল, তা এখনো বিভিন্নভাবে অব্যাহত রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান, কর্মক্ষেত্র ও রাজনীতির মাঠে হিজাব-নিকাবের প্রতি বিদ্বেষমূলক আচরণ দুঃখজনক ও নিন্দনীয়।

 

তিনি বলেন, মোশাররফ হোসেন ঠাকুরের বক্তব্য শুধু তাঁর ব্যক্তিগত পরিচয় নয়, এটি তাঁর দলের অবস্থানকেও প্রশ্নবিদ্ধ করে। বিএনপিকে দ্রুত এ বিষয়ে তাদের অবস্থান পরিষ্কার করতে হবে। অন্যথায় এই বক্তব্যকেই দলীয় অবস্থান হিসেবে গণ্য করা হবে।

 

শাহরিন ইরা আরও বলেন, বিশ্ববিদ্যালয়, কর্পোরেট অফিস, রাস্তাঘাট কিংবা রাজনৈতিক অঙ্গন—যেখানেই হিজাব ও নিকাব নিয়ে বিদ্বেষমূলক আচরণ করা হবে, সেখানে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

 

কর্মসূচিতে বক্তব্য দেন আপ বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য দিলারা খানম। তিনি বলেন, মোশাররফ হোসেন ঠাকুর ইসলামের শরিয়াহ বিধান ‘নিকাব’ নিয়ে কুরুচিপূর্ণ ও অবমাননাকর মন্তব্য করেছেন। এটি শুধু নারীদের অপমান নয়, সরাসরি ইসলামের অবমাননা। তিনি এ বক্তব্যের জন্য প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানান।

 

যুব উইংয়ের সহসমন্বয়কারী ইসরাত জাহান ইশা বলেন, নিকাব ইসলামের একটি শাশ্বত বিধান ও শালীনতার প্রতীক। নিকাবকে বিকৃতভাবে উপস্থাপন করা ইসলামবিদ্বেষী মানসিকতার বহিঃপ্রকাশ। এ ধরনের বক্তব্যের বিরুদ্ধে সামাজিক ও রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা নেকাবি নারীদের অবমাননার ঘটনায় তাৎক্ষণিক বিচার এবং রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল অবস্থান নিশ্চিত করার দাবি জানান।

 

প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে আরও উপস্থিত ছিলেন আপ বাংলাদেশের নারায়ণগঞ্জ মহানগর সদস্যসচিব নাহিদা আক্তার ঊর্মি, সংগঠনের ওমেন উইং ও কেন্দ্রীয় সদস্যরা, পাশাপাশি বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সর্বশেষ নিউজ