ফুটবল বিশ্বকাপের উত্তেজনা মাঠে শুরু হওয়ার আগেই টিকিটের বাজারে উত্তাপ ছড়াচ্ছে। আসন্ন বিশ্বকাপের ৪৮টি অংশগ্রহণকারী দল চূড়ান্ত হওয়ার পর নতুন করে টিকিট বিক্রি শুরু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। কিন্তু এবার টিকিটের দাম দেখে চোখ কপালে উঠছে সাধারণ দর্শকদের।
আগামী ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত ফাইনাল ম্যাচ। সেই ম্যাচের সর্বোচ্চ মানের একটি টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ১০ হাজার ৯৯০ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় সাড়ে তেরো লাখ টাকারও বেশি।
গত ডিসেম্বরে ড্র অনুষ্ঠানের পর প্রথম দফায় টিকিট ছাড়া হলে ফাইনালের সর্বোচ্চ ক্যাটাগরির টিকিটের দাম ছিল ৮ হাজার ৬৮০ ডলার। মাত্র কয়েক মাসের ব্যবধানে সেই দাম লাফিয়ে উঠেছে প্রায় আড়াই হাজার ডলার। শুধু শীর্ষ মানের টিকিটই নয়, তুলনামূলক সাশ্রয়ী মানের টিকিটের দামও উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
ফাইনালের দ্বিতীয় ক্যাটাগরির টিকিটের দাম ৫ হাজার ৫৭৫ ডলার থেকে বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ৩৮০ ডলারে, অর্থাৎ নয় লাখ টাকারও বেশি। তৃতীয় মানের টিকিটের বর্তমান মূল্য ৫ হাজার ৭৮৫ ডলার, যা আগে ছিল ৪ হাজার ১৮৫ ডলার।
টিকিট বিক্রির প্রথম দিনেই ফিফার অফিসিয়াল ওয়েবসাইটে ব্যাপক কারিগরি সমস্যার সৃষ্টি হয়। হাজারো ভক্ত ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও টিকিট কিনতে পারেননি। অনেকে ভুলবশত ভুল লিংকে চলে গিয়ে বিভ্রান্তিতে পড়েন। পরে ফিফা জানায়, সমস্যা কাটিয়ে ওঠা হয়েছে এবং ধাপে ধাপে আরও টিকিট ছাড়া হবে।
এই দাম বৃদ্ধির পেছনে রয়েছে ফিফার নতুন মূল্য নির্ধারণ পদ্ধতি, যাকে বলা হচ্ছে ‘ডায়নামিক প্রাইসিং’। এই পদ্ধতিতে চাহিদার ওপর ভিত্তি করে টিকিটের দাম ওঠানামা করে। শুরু থেকেই এই পদ্ধতির তীব্র সমালোচনা করে আসছেন অনেকে। এমনকি মার্কিন কংগ্রেসের ৬৯ জন সদস্য ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোকে সরাসরি চিঠি দিয়ে সতর্ক করেছেন। সেই চিঠিতে তাঁরা বলেছেন, এই আকাশছোঁয়া দাম যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিতব্য এই বিশ্বকাপকে ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল এবং সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরের টুর্নামেন্টে পরিণত করবে।
শুধু ফাইনাল নয়, গ্রুপ পর্বের ম্যাচের টিকিটের দামও কম নয়। আগামী ১১ জুন মেক্সিকো সিটিতে স্বাগতিক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার উদ্বোধনী ম্যাচের টিকিটের দাম বাড়িয়ে ২ হাজার ৯৮৫ ডলার করা হয়েছে, যা আগে ছিল ২ হাজার ৩৫৫ ডলার। ১২ জুন টরন্টোতে কানাডার প্রথম ম্যাচের টিকিটের দাম ২ হাজার ২৪০ ডলার। যুক্তরাষ্ট্রের উদ্বোধনী ম্যাচের সর্বোচ্চ মানের টিকিটের দাম ২ হাজার ৭৩৫ ডলার, যা আপাতত অপরিবর্তিত রয়েছে।
ফুটবল যে খেলাটি একসময় মাঠের পাশে দাঁড়িয়ে সবাই মিলে উপভোগ করা যেত, সেই খেলার বিশ্বমঞ্চ এখন ক্রমশই হয়ে উঠছে বিত্তবানদের বিনোদন। সাধারণ সমর্থকদের কাছে বিশ্বকাপ দেখার স্বপ্ন এখন টেলিভিশনের পর্দাতেই সীমাবদ্ধ থাকছে।

