কড়া নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে ভারতের পশ্চিমবঙ্গসহ পাঁচটি রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলছে। এর মধ্যে তামিলনাড়ু রাজ্যে প্রাথমিক ভোট গণনায় বড় চমক দেখাচ্ছে দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয়ের নেতৃত্বাধীন দল তামিলগা ভেট্টি কাজাগাম (টিভিকে)। দলটি বিপুল ব্যবধানে এগিয়ে রয়েছে।
সোমবার (৪ মে) সকাল ৮টা থেকে একযোগে এই ভোট গণনা শুরু হয়। সকালের দিকে রাজ্যের ক্ষমতাসীন দল ডিএমকে এবং বিজয়ের দল টিভিকে-এর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া গেলেও, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে চিত্র পাল্টে যেতে শুরু করে।
এনডিটিভি’র প্রতিবেদন সূত্রে জানা যায়, স্থানীয় সময় সকাল ১০টা পর্যন্ত প্রাপ্ত খবরে থালাপতি বিজয়ের টিভিকে ১০৬টি আসনে এগিয়ে রয়েছে। অন্যদিকে, দ্বিতীয় সর্বোচ্চ ৭৫টি আসনে এগিয়ে রয়েছে এআইএডিএমকে (এডিএমকে)। আর বর্তমান ক্ষমতাসীন দল ডিএমকে মাত্র ৫০টি আসনে এগিয়ে থেকে অনেকটাই পিছিয়ে পড়েছে।
উল্লেখ্য, নির্বাচন-পরবর্তী বুথফেরত জরিপের (এক্সিট পোল) অধিকাংশ সংস্থাই ডিএমকে-এর জয়ের সম্ভাবনার কথা বলেছিল। তবে ‘জেভিসি এক্সিট পোল’-সহ বেশ কিছু জরিপে বিজয় থালাপতির দলের এই আকস্মিক উত্থান এবং জয়ের আভাস আগেই দেওয়া হয়েছিল।

